ভর্তি প্রস্তুতি
ইমামুল হোসেন ইয়াশ © টিসিডি ছবি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল কলেজের প্রথম বর্ষ থেকেই। সেই স্বপ্ন পূরণে প্রস্তুতি শুরু করেন ২৪ এর গণঅভ্যুত্থানের কিছুদিন পরই। যখন অনেকেই ভেবেছিলেন, ভর্তি পরীক্ষা হয়তো আর হবে না, তখনই তিনি দেরি না করে ভর্তি হন কোচিংয়ে। নিয়মিত মডেল টেস্ট দেওয়া, নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং রুটিন মেনে পড়াশোনা করাই ছিল তার প্রস্তুতির মূল কৌশল। কখনো দিনে সর্বোচ্চ ১১ ঘণ্টা পড়েছেন, আবার নিজের মানসিক সুস্থতার দিকেও গুরুত্ব দিয়ে শরীরের উপর যেন খুব বেশি চাপ না পড়ে সেদিকেও খেয়াল রেখেছেন। তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল পরিবারের মানুষ যেন বলতে পারেন, তিনি সবসময়ই ভালো শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও পছন্দের বিষয় না পাওয়ায় ইমামুল হোসেন ইয়াশ বেছে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে।
প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল?
প্রস্তুতির শুরুটা হয়েছিল গণঅভ্যুত্থানের দুই সপ্তাহ পর থেকে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, ভর্তি পরীক্ষা আর হবে না। কিন্তু আমি সময় নষ্ট না করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করি এবং একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। শুরু থেকেই চেষ্টা করেছি নিয়মিত পড়াশোনা করতে এবং একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোতে।
প্রস্তুতির সময় হতাশা বা মানসিক চাপ কীভাবে সামলেছেন?
প্রস্তুতির সময় নানা কারণে হতাশা কাজ করত। সবচেয়ে বেশি খারাপ লাগত যখন ক্লাসে দেখতাম, অন্যদের তুলনায় আমি অনেক কিছুই পারি না কিংবা আমার পড়াশোনা অনেক বাকি। তবে তখন নিজেকে বোঝাতাম, আমিও সব পারব। যেসব টপিক বুঝতে বা আয়ত্ত করতে সমস্যা হতো, সেগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে যেগুলো পারতাম, সেগুলোতেই মনোযোগ দিতাম। এভাবেই নিজের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করেছি।
আপনার প্রস্তুতিতে পরিবার কতটা সহযোগিতা করেছে?
আমার প্রস্তুতির পেছনে পরিবারের অবদান অনেক। পড়াশোনার খরচ ও কোচিংয়ের ফি দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। পরিবারের এই সমর্থন আমাকে প্রস্তুতির পুরো সময় সাহস জুগিয়েছে। এ ছাড়া অনেকেই সাহস জুগিয়েছে।
শেষ সময়ে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত?
শেষ সময়ে নতুন করে অনেক কিছু শেখার চেষ্টা না করাই ভালো। বরং নিজের প্রস্তুতি কতটুকু হয়েছে, তা যাচাই করতে বারবার মডেল টেস্ট দেওয়া যেতে পারে। এতে নিজের দুর্বলতা ও প্রস্তুতি কতটা হয়েছে তা বোঝা যায়। পাশাপাশি কোন জায়গাগুলোতে আরও অনুশীলন প্রয়োজন, সেটিও বোঝা সম্ভব। এবং যেসব বিষয়ে দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠে আবার রিভিশন দিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে।
প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী দুশ্চিন্তায় পড়েন, এ পরিস্থিতি সামলানোর উপায় কী?
প্রশ্নপত্র হাতে পাওয়ার পর একসঙ্গে অনেকগুলো প্রশ্ন দেখে শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়ে যান। আমার মনে হয়, একসঙ্গে সব প্রশ্ন নিয়ে চিন্তা না করে একটি একটি করে সমাধান করা উচিত। এতে চাপ অনেকটাই কমে আসে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।
পরীক্ষায় ভালো করতে কত সময় পড়তে হয়?
বেশি সময় পড়লেই যে ভর্তি পরীক্ষায় সফল হওয়া যাবে, বিষয়টি মোটেও এমন নয়। এই সময়ে নিজের মানসিক সুস্থতা বজায় রাখাও খুব জরুরি। তাই যতটুকু পড়ব, মনোযোগ দিয়ে পড়ব এটাই গুরুত্বপূর্ণ। আমার নিজের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা পড়ার চেষ্টা করেছি। তবে প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে পড়ার সময় কমবেশি হয়েছে।
ভর্তিচ্ছুদের কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত?
হাতে যদি মাত্র এক মাস সময় থাকে, তাহলে প্রশ্নব্যাংক সমাধানের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এতে নিজের দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এরপর সেই দুর্বল জায়গাগুলোতে বেশি সময় দিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কি আগে থেকেই ছিল?
হ্যাঁ, অবশ্যই। কলেজজীবনের প্রথম বর্ষ থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতাম। তখন থেকেই নিজেকে সেভাবে প্রস্তুত করার ইচ্ছা ছিল। আমার কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াটা শুধু একটি লক্ষ্য ছিল না, বরং নিজের যোগ্যতা প্রমাণেরও একটি বিষয় ছিল।
পরীক্ষার হলে কী ধরনের কৌশল অবলম্বন করেছিলেন?
পরীক্ষার হলে প্রথমে যেসব প্রশ্নের উত্তর আমার জানা ছিল বা কমন পেয়েছিলাম, সেগুলো দ্রুত সমাধান করেছি। যেসব প্রশ্ন একেবারেই পারছিলাম না, সেগুলো এড়িয়ে গেছি। এরপর ইংরেজি অংশে তুলনামূলক বেশি সময় দিয়েছি। আমার কাছে মনে হয়েছে, যেসব প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে জানা আছে, সেগুলো আগে সমাধান করলে সময় ব্যবস্থাপনা সহজ হয়।
কোচিং কতটা প্রয়োজন বলে মনে করেন?
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোচিং সেন্টার একটি গাইডলাইন হিসেবে কাজ করে। কারণ অধিকাংশ শিক্ষার্থীই বুঝতে পারেন না কোথা থেকে প্রস্তুতি শুরু করবেন, কোন বিষয় আগে পড়বেন কিংবা কীভাবে পড়াশোনা সাজাবেন। এ ক্ষেত্রে কোচিংয়ের দেওয়া নির্দেশনা ও বই বেশ কার্যকর হতে পারে। তবে কেউ যদি কলেজজীবনের শুরু থেকেই ভর্তি পরীক্ষার বিষয়ে সচেতন থাকেন এবং সঠিক দিকনির্দেশনা পান, তাহলে তার জন্য কোচিং করা বাধ্যতামূলক নয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পরিবার কিংবা আত্মীয়স্বজন যে যা-ই বলুক, তাদের কথায় ভেঙে পড়া যাবে না। নিজের কষ্ট বা হতাশাকে নিজের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে দেওয়া যাবে না। সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমি প্রস্তুতির সময় নিজেকে সবসময় একটি কথাই বলতাম আমাকে পারতেই হবে, আমি পারব। এই বিশ্বাসটা ধরে রাখতে পারলে কঠিন সময়েও এগিয়ে যাওয়া সম্ভব।
আমি প্রস্তুতির সময় ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন একটি করে মডেল টেস্ট দিতাম। পরদিন সকালে সেই পরীক্ষায় কোথায় ভুল হয়েছে, তা খুঁজে বের করতাম। এরপর নিজের রুটিন অনুযায়ী পড়াশোনা করতাম। আমার কাছে ম্যাজিক ওয়ার্ড ছিল একটাই—‘আমাকে পারতেই হবে, আমি পারব।’ এই কথাটিই বারবার নিজেকে বলতাম।