তিন সন্তানের নামের আগেই ‘ডা.’ লিখেছিলেন মুদি দোকানদার বাবা— সবাই ভিন্ন পেশায়, স্বপ্ন পূরণ করছেন আলফাজ

২৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ PM
আলফাজ হোসেন

আলফাজ হোসেন © টিসিডি ছবি ও সম্পাদিত

বাবার ইচ্ছা ছিল সন্তানরা বড় হয়ে চিকিৎসক হবেন। তাই নিজের মুদি দোকানের দরজায় সন্তানদের নামের আগে ‘ডাক্তার’ লিখে রাখতেন। তবে একটা সময় বড় ছেলে পেশা হিসেবে বেছে নেন ইঞ্জিনিয়ারিং, আর একমাত্র মেয়ে যান ভিন্ন একটি পেশায়। শেষ পর্যন্ত বাবার সেই স্বপ্ন পূরণ করেন পরিবারের ছোট ছেলে আলফাজ হোসেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। বর্তমানে তিনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করে মেসের খরচ চালানোসহ নানা প্রতিকূলতা পেরিয়ে আজ দেশের সেরা মেডিকেলে আলফাজ। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় চান্স পেতে কিভাবে পড়তে হয়, কোন কৌশল অবলম্বন করতে হয় তা নিজের অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন মেধাবী এই শিক্ষার্থী।

মেডিকেলে পড়ার স্বপ্নটা কীভাবে তৈরি হয়?
আসলে চিকিৎসক হওয়ার পেছনে আমার বাবার একটা স্বপ্ন ছিল। আমার আব্বা মুদি দোকানদার। দোকানের দরজায় তিনি আমার বোনের নামের আগে ডাক্তার লিখতেন, বড় ভাইয়ের নামের আগেও ডাক্তার লিখতেন। আমি সবার ছোট হওয়ায় আমার নামের আগেও ডাক্তার লিখতেন। কিন্তু বড় ভাই গেলেন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, বোনও বেছে নিলেন অন্য পেশা। ফলে বাবার সেই স্বপ্ন পূরণের দায়িত্বটা আমার ওপরই এসে পড়ে। এ ছাড়া আমার জীববিজ্ঞান খুব ভালো লাগে। জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় ও শব্দের প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। মূলত বাবার স্বপ্ন এবং জীববিজ্ঞানের প্রতি ভালো লাগা থেকেই চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিই।

আমি নিজের আয় দিয়েই পড়াশোনা করেছি। সেই টাকা দিয়ে মেসের খরচ চালানোর পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। সবকিছু সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য বেশ কঠিন ছিল। তবুও নিজের প্রতি বিশ্বাস ও বাবার স্বপ্ন পূরণ করার একটা তাড়না ছিল।

প্রস্তুতির সময়ে পড়াশোনা কিভাবে চালিয়েছেন? 
ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় আমি আমার নিচের ব্যাচের শিক্ষার্থীদের পড়াতাম। নিজে যা শিখতাম, সেগুলো তাদের বুঝিয়ে বলতাম। এতে আমার নিজের পড়াটাও ঝালাই হয়ে যেত। তবে জুনিয়রদের পড়ানোর পর নিজের পড়া শেষ করতে অনেক সময় রাত জেগে থাকতে হতো। ফলে মানসিক চাপও ছিল। এ ছাড়া মেসে থাকার কারণে খাওয়াদাওয়ার বিষয়টি অগোছালো হয়ে যেত। পারিবারিক আর্থিক চাপও ছিল।

আমি নিজের আয় দিয়েই পড়াশোনা করেছি। সেই টাকা দিয়ে মেসের খরচ চালানোর পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। সবকিছু সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য বেশ কঠিন ছিল। তবুও নিজের প্রতি বিশ্বাস ও বাবার স্বপ্ন পূরণ করার একটা তাড়না ছিল।

মেডিকেলের জন্য কোচিং কতটা জরুরি?
আমার মতে, যারা একাডেমিক জীবনে ভালো এবং নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী, তাদের ক্ষেত্রে শুধু পরীক্ষাভিত্তিক কোচিং বা এক্সাম ব্যাচে ভর্তি হলেই চলে। কারণ নিয়মিত কোচিংয়ের ক্লাসে সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রচলিত বিষয়গুলো পড়ানো হয়, বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে দেওয়া হয়। কিন্তু তুলনামূলক কঠিন ও উচ্চতর চিন্তাশক্তির প্রয়োজন হয়, এমন প্রশ্ন নিয়ে সেখানে খুব বেশি আলোচনা হয় না।

আমার নিজের একাডেমিক প্রস্তুতি ভালো থাকায় নিয়মিত কোচিংয়ের ক্লাস থেকে খুব একটা উপকার পাওয়ার প্রয়োজন অনুভব করিনি। তাই যাদের প্রস্তুতি ভালো, তারা শুধু পরীক্ষাভিত্তিক ব্যাচে ভর্তি হতে পারে।

অন্যদিকে, যাদের প্রস্তুতি মাঝারি কিংবা কিছুটা দুর্বল, তাদের জন্য নিয়মিত কোচিং উপকারী হতে পারে। সেখানে ক্লাসের মাধ্যমে পড়াশোনার ধারাবাহিকতা তৈরি হয় এবং প্রস্তুতি গোছানো সহজ হয়।

ডা. আলফাজ হোসেন

শেষ সময়ের প্রস্তুতি কেমন হওয়া উচিত?
ভর্তি পরীক্ষার শেষ সময়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বাড়তি তথ্য সংগ্রহে ব্যস্ত থাকে। বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়লেও অনুশীলনীর প্রশ্নগুলোকে অনেক সময় অবহেলা করে। আমার মতে, এটি বড় একটি ভুল। বিগত কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, বোর্ড বইয়ের অনুশীলনী থেকে অনেক প্রশ্ন হুবহু এসেছে। আমার বিশ্লেষণ অনুযায়ী, কোনো কোনো বছর অনুশীলনী থেকে প্রায় ৫০ এর আশেপাশে হুবহু এসেছে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে মোট ৭০ থেকে ৭৫ নম্বরের প্রশ্ন থাকে। সেখানে অনুশীলনী থেকে গড়ে ৫০টির বেশি প্রশ্ন হুবহু আসার সুযোগ রয়েছে। তাহলে অনুশীলনীকে অবহেলা করার কোনো কারণ নেই। আমি বলব, অনুশীলনীর প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। শুধু একবার পড়লে হবে না, বারবার অনুশীলন করতে হবে। কোনো প্রশ্ন কঠিন মনে হলে সেটি চিহ্নিত করে রাখতে হবে, যাতে পরবর্তী সময়ে আবার পড়া যায়।

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
প্রস্তুতিতে বেশি বেশি এমসিকিউ সমাধান করতে হবে। অনুশীলন করতে করতে একটা সময় বিরক্তি চলে আসতে পারে। মনে হতে পারে, একই প্রশ্ন আর কতবার পড়ব! কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না। প্র্যাকটিস করতে করতে মনে ঘৃণা ধরে গেলেও চালিয়ে যেতে হবে।

প্রশ্ন সমাধানের সময় যেগুলো কঠিন মনে হবে, সেগুলো গোল চিহ্ন দিয়ে রাখতে হবে। যেসব প্রশ্ন জীবনে প্রথমবার দেখছ কিংবা আগে কখনো পড়োনি, সেগুলোও আলাদা করে চিহ্নিত করবে। পরবর্তী সময়ে সেগুলো আবার রিভিশন দিতে হবে। তবে যেসব প্রশ্ন সহজ, সেগুলো আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন নেই।

মডেল টেস্টে ভালো নম্বর ধরে রাখতে হবে
বোর্ড বইয়ের অনুশীলনী এবং বিভিন্ন উৎস থেকে এমসিকিউ সমাধানের পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। বিষয়ভিত্তিক পরীক্ষা ও পূর্ণাঙ্গ মডেল টেস্ট দুটিই গুরুত্বপূর্ণ। মডেল টেস্টে নিজের নম্বরের দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরীক্ষায় ৭৫ থেকে ৮০-এর বেশি নম্বর ধরে রাখার চেষ্টা করতে হবে। এতে নিজের প্রস্তুতির অবস্থাটা বোঝা যাবে এবং কোথায় ঘাটতি রয়েছে, সেটিও চিহ্নিত করা সম্ভব হবে।

পরীক্ষার হলের কৌশল কী ছিল?
মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার হলের কৌশলও গুরুত্বপূর্ণ। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলব, প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথমেই নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর খুব ভালোভাবে পূরণ করতে হবে। এসব করতে স্বাভাবিকভাবেই প্রায় পাঁচ মিনিট চলে যায়। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

প্রশ্ন সমাধান শুরু করার পর প্রথম বা দ্বিতীয় প্রশ্ন না পারলেই ঘাবড়ে যাওয়া যাবে না। কারণ পরীক্ষার হলে সবচেয়ে বড় সমস্যা হলো আতঙ্ক। কোনো প্রশ্ন না পারলে অনেকেই ভাবতে শুরু করে, আমি কিছুই পারি না। তখন বাকি প্রশ্নগুলোর উত্তরও ঠিকভাবে দেওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতি হলে ১০ সেকেন্ডের মতো বাইরের দিকে তাকাবে। এরপর স্বাভাবিকভাবে একটা গভীর শ্বাস নিয়ে আবার প্রশ্নে ফিরে আসবে। 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রশ্নের উত্তর দেওয়ার সময় সিরিয়াল ঠিক রাখা। একটি প্রশ্নের যে উত্তর দিচ্ছ, সেই অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত পূরণ করতে হবে। চাইলে মনে মনে বা খুব নিচু স্বরে একের পর এক প্রশ্নের নম্বর ও উত্তর মিলিয়ে নিতে পারো। এতে সিরিয়াল ঠিক রাখতে সুবিধা হবে।

অনেক ভালো শিক্ষার্থীও তাড়াহুড়া করতে গিয়ে প্রশ্নের সিরিয়াল ও ওএমআর শিটের উত্তর মিলাতে ভুল করে। এতে ভালো প্রস্তুতি থাকার পরও চান্স হাতছাড়া হতে পারে। তাই পরীক্ষার হলে ধীরস্থিরভাবে কাজ করতে হবে।

আরেকটা বিষয়, আমি নিজে পরীক্ষার হলে প্রথমেই যেসব প্রশ্ন সহজ মনে হয়েছে, সেগুলোর উত্তর দিয়েছি। আমার মতে, এক থেকে ১০০ পর্যন্ত প্রশ্নের মধ্যে যেগুলো এক নজরেই পারবে, সেগুলো আগে উত্তর দেওয়া উচিত। এরপর দ্বিতীয় ধাপে যেসব প্রশ্নের উত্তর নিয়ে দুটি অপশনের মধ্যে দ্বিধা রয়েছে, সেগুলো সমাধান করবে। তৃতীয় ধাপে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এভাবে শেষ পর্যায়ে গিয়ে দেখবে, মাত্র পাঁচ-ছয়টি প্রশ্ন বাকি রয়েছে। তখন সময় বুঝে সেগুলো সমাধানের চেষ্টা করবে।

যারা মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের বলব, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হলে পড়াশোনা করতে হবে। অনেকের পরিস্থিতি হয়তো আমার মতো কঠিন নয়, আবার অনেকের পরিস্থিতি আমার চেয়েও কঠিন। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, চেষ্টা থামানো যাবে না।

কতটি প্রশ্নের উত্তর দেওয়া উচিত?
এটি মূলত শিক্ষার্থীর প্রস্তুতি ও নিজের সক্ষমতার ওপর নির্ভর করে। আমার মতে, যাদের প্রস্তুতি মাঝারি মানের, তাদের অন্তত ৯০টির বেশি প্রশ্নের উত্তর দেওয়ার লক্ষ্য রাখা উচিত। আর যারা নিয়মিত পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে এবং নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী, তারা ৯৮ থেকে ১০০টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারে। তবে শুধু বেশি প্রশ্নের উত্তর দেওয়াই উদ্দেশ্য হওয়া উচিত নয়। নিজের প্রস্তুতির ওপর আস্থা রেখে বুঝেশুনে উত্তর দিতে হবে।

নতুনদের কোনো বার্তা দিতে চান?
যারা মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের বলব, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হলে পড়াশোনা করতে হবে। অনেকের পরিস্থিতি হয়তো আমার মতো কঠিন নয়, আবার অনেকের পরিস্থিতি আমার চেয়েও কঠিন। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, চেষ্টা থামানো যাবে না। নিয়মিত পড়াশোনা করলে এবং নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে ইনশাআল্লাহ স্বপ্নের গন্তব্যে পৌঁছানো সম্ভব।

সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। নিজের স্বপ্ন পূরণ করো, বাবা-মায়ের মুখে হাসি ফোটাও এবং একদিন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করো। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

চবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সম্পাদক নাঈম
  • ২৫ নভেম্বর ২০২৬
বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি …
  • ২৫ নভেম্বর ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে
  • ২৫ নভেম্বর ২০২৬
ইবির সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
  • ২৫ নভেম্বর ২০২৬
মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী
  • ২৫ নভেম্বর ২০২৬
তিন সন্তানের নামের আগেই ‘ডা.’ লিখেছিলেন মুদি দোকানদার বাবা—…
  • ২৫ নভেম্বর ২০২৬