পাকিস্তানের প্রথম নভোচারী মোহাম্মদ জিশান আলী। © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মোহাম্মদ জিশান আলী চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে স্টেশনটিতে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে প্রবেশের পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে যাওয়ার কৃতিত্ব অর্জন করলেন জিশান।
বুধবার (২৫ নভেম্বর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে যাত্রা শুরু করে এটি। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে মহাকাশযানটি। এরপর তিন ঘণ্টা ৩৮ মিনিটের যাত্রা শেষে তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়।
৪০ বছর বয়সী জিশান আলীর সঙ্গে এ অভিযানে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাঁদের মধ্যে তাং হংবো অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং উ ই পাইলটের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, জিশান আলী দায়িত্ব পালন করবেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে।
চীনে অবস্থানরত পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল মহাকাশযানটির উৎক্ষেপণ অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জিশানের এই যাত্রা পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর সঙ্গে মহাকাশে উড়েছে পাকিস্তানের পতাকা এবং ২৬ কোটি মানুষের স্বপ্ন।
জিশান আলী প্রায় এক সপ্তাহ মহাকাশ স্টেশনে থাকবেন। এ সময় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল উৎপাদনের পরীক্ষা চালাবেন জিশান। এ ছাড়া মহাকাশের পরিবেশে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা-ও পর্যবেক্ষণ করবেন তিনি।
এ অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে চীনের।
গত এপ্রিলে পাকিস্তান থেকে জিশান আলী ও খুররম দাউদকে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করে চীন। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মহাকাশ সংস্থার মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় একজন পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জিশান বলেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতা করায় তিনি চীন সরকারের প্রতি কৃতজ্ঞ। তাঁর মতে, এই অভিযান শেষ নয়; বরং নতুন একটি যাত্রার শুরু। ভবিষ্যতে চীন-পাকিস্তানের যৌথ মহাকাশ অভিযান চাঁদ ও মঙ্গল গ্রহ পর্যন্ত বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চীনের নিজস্ব তিয়ানগং মহাকাশ স্টেশনটি ২০২২ সালের শেষ দিকে পুরোপুরি কার্যকর হয়। ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ গবেষণায় ব্যাপক বিনিয়োগ করছে বেইজিং। এদিকে মহাকাশে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে আর্টেমিস কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রও।
সূত্র: রয়টার্স ও সিনহুয়া