রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন

২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ AM
রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন

রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন © ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দর কমেছে। আগের দিনও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এতে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। ফলে স্বর্ণের দামের ওপর চাপ পড়ে।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেডারেল রিজার্ভও সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৭৯ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ ডলার ২৫ সেন্ট হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ৬১১ ডলার ৯৯ সেন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বাড়লেও গত শুক্রবার তা এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

সূত্র: রয়টার্স

রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন
  • ২৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কলেজ শিক্ষার্থী অহনা
  • ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী-কন্যাশিশু নিহত, দিনে ১২৯
  • ২৫ নভেম্বর ২০২৬
টানা ২১ ঘণ্টা আলোচনার পর নির্ধারণ হলো পোশাকশ্রমিকদের ন্যূনত…
  • ২৫ নভেম্বর ২০২৬
মহসিন কলেজের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন
  • ২৫ নভেম্বর ২০২৬