ইবির ৫ম সমাবর্তনের লোগো © সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদন ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত আদেশে এই তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। নিবন্ধনের নির্ধারিত সময় আগামীকাল শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।