খুলনা বিশ্ববিদ্যালয়
‘অদম্য বাংলা’ ভাস্কর্য © টিডিসি সম্পাদিত
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস উপলক্ষে ‘অদম্য বাংলা’ ভাস্কর্য পরিষ্কারের পর মূল মূর্তিগুলোর চোখ থেকে সরিয়ে ফেলা হয়েছে কালো কাপড়। অথচ জুলাই আন্দোলনে শহীদ বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী মীর মুগ্ধ মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্ট এ তার জুনিয়রদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন, মূর্তিগুলোর চোখে বাঁধা কালো কাপড় যেন আর কখনো সরানো না হয়। তাঁর ভাষায়, এটি তাদের দুর্বলতা ও পরাধীনতার কথা মনে করিয়ে দেবে।
মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে মীর মুগ্ধ ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের মূল মূর্তিগুলোর চোখে কালো কাপড় বাঁধার বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি তার জুনিয়রদের উদ্দেশে বলেন, ‘আমার জুনিয়রদের কাছে অনুরোধ, এই কালো কাপড় যেন আর কখনো সরানো না হয়। আমি জানি, তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সব সময় মনে করিয়ে দেবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।’
মীর মুগ্ধর এই বক্তব্যে কালো কাপড়ের বিষয়টি কেবল ভাস্কর্যের একটি দৃশ্যমান পরিবর্তন হিসেবে নয়, বরং আন্দোলনের সময়কার দমন-পীড়ন ও পরাধীনতার স্মারক হিসেবে উঠে আসে। তাঁর অনুরোধের মধ্য দিয়ে ভাস্কর্যটির সঙ্গে জুলাই আন্দোলনের স্মৃতি এবং প্রতিবাদের একটি প্রতীকী সম্পর্ক তৈরি হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার পাশাপাশি ‘অদম্য বাংলা’ ভাস্কর্যও পরিষ্কার করা হয়। এরপর থেকে ভাস্কর্যের মূল মূর্তিগুলোর চোখে আর কালো কাপড় দেখা যাচ্ছে না। তবে পরিচ্ছন্নতার অংশ হিসেবে কাপড়গুলো সরানো হয়েছে, নাকি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলাদা কোনো সিদ্ধান্ত ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদুর সিয়াম বলেন, ‘মীর মুগ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী ছিলেন। তার শেষ অনুরোধের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও জুলাই আন্দোলনের স্মৃতি জড়িয়ে আছে। কালো কাপড় শুধু একটি প্রতীক নয়, এটি দমন-পীড়ন ও পরাধীনতার কথা মনে করিয়ে দেয়। তাই ভাস্কর্য পরিষ্কারের সময় বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল।’
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অবশ্যই প্রয়োজন। তবে সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ও প্রতীকী গুরুত্বও সংরক্ষণ করা উচিত। মীর মুগ্ধ নিজেই কালো কাপড় না সরানোর অনুরোধ জানিয়েছিলেন। তাই এটি সরানোর কারণ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ডিএসএ) অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের চোখে কালো কাপড় বাঁধা রাখা বা সরিয়ে ফেলার বিষয়ে প্রশাসনের কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। এটি প্রশাসনিক কোনো সিদ্ধান্তের অংশ কি না, সে বিষয়ে জেনে তারপর আমি জানাতে পারব।