বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড আয়োজিত এক সংবাদ সম্মেলন © সৌজন্য প্রাপ্ত
বাংলাদেশের সফটওয়্যার মান যাচাই, গুণগত নিশ্চয়তা ও পরীক্ষাসংশ্লিষ্ট পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম স্কোয়াট বাংলাদেশের চতুর্থ আয়োজন ‘সফটওয়্যার মান যাচাই ও পরীক্ষা বিষয়ক চতুর্থ সিম্পোজিয়াম’ আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গুণগত মান’।
এবারের সম্মেলনে অংশ নেবেন আন্তর্জাতিক সফটওয়্যার পরীক্ষার যোগ্যতা নির্ধারণ বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান বৈশ্বিক সভাপতি ড. ক্লডিয়া ডুসা-জাইগার এবং সাবেক বৈশ্বিক সভাপতি অলিভিয়ের ডেনু। তাদের পাশাপাশি দেশি-বিদেশি সফটওয়্যার মান যাচাই বিশেষজ্ঞ, প্রকৌশল ও গুণগত মান ব্যবস্থাপনার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান, প্রধান প্রযুক্তি কর্মকর্তাসহ প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদেরা অংশ নেবেন।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড এ সিম্পোজিয়ামের আয়োজন করছে। এর একাডেমিক সহযোগী হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কর্মশালা, মূল প্রবন্ধ উপস্থাপন, পূর্ণাঙ্গ আলোচনা অধিবেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার পরীক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষা পদ্ধতি, গুণগত মান প্রকৌশল, পেশাগত যোগাযোগ, সনদ অর্জন এবং কর্মজীবনবিষয়ক আলোচনা। অংশগ্রহণকারীরা আইএসটিকিউবির বর্তমান বৈশ্বিক সভাপতি ড. ক্লডিয়া ডুসা-জাইগারের স্বাক্ষরিত অংশগ্রহণ সনদ পাবেন।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সনদপ্রাপ্ত সফটওয়্যার পরীক্ষক তৈরিতে অবদান রাখা। পাশাপাশি সফটওয়্যার মান যাচাই ও পরীক্ষার খাতকে দক্ষ কর্মসংস্থান, আন্তর্জাতিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের গুণগত মান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো দক্ষতা, পেশাগত সনদ, কর্মসংস্থান এবং বৈশ্বিক বাজারের সুযোগকে একই ব্যবস্থার আওতায় নিয়ে আসা।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিম্পোজিয়ামের আহ্বায়ক ড. কেএম হাসান রিপন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ নূরুজ্জামান।
সংবাদ সম্মেলনে একাডেমিক সহযোগী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উল আলম, বোর্ড সদস্য প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) এবং বোর্ডের অন্যান্য সদস্য।