মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে © সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে পশ্চাপদ জনগোষ্ঠীর জন্য আবেদনের যোগ্যতা কমিয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন নীতিমালায় সই করেছেন।
‘নীতিমালার আবেদনকারীর যোগ্যতা ও সাধারণ নিয়মাবলী’-এর ২.৬ অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক্ষেত্রে উভয় পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০-এর শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া উভয় পরীক্ষার কোনো একটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে আবেদনের অযোগ্যতার কথা বলা হয়েছিল। তবে এ বছর এমন কোনো শর্ত আরোপ করা হয়নি।
এর বাইরে সাধারণ প্রার্থীদের জন্য এ বছর আবেদনের যোগ্যতা আগের বছরের মতোই উভয় পরীক্ষায় কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সাথে এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ থাকাও বাধ্যতামূলক রয়েছে।