অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের দাবি নার্সিং সংগঠনগুলোর

২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ PM
অন্তু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে সংগঠনগুলো

অন্তু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে সংগঠনগুলো © টিডিসি সম্পাদিত

বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার, তার ওপর হামলার বিচার এবং প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নার্সিং খাতের সংগঠনগুলো। এ লক্ষ্যে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে (বিএনএমসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন (বিবিজিএসএনএ)। এ ছাড়া একই দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ)।

এদিকে ঘটনা তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে নার্সদের জাতীয় সংগঠন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।

আজ শনিবার (২১ নভেম্বর) পৃথক তিনটি বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এদিন রাজধানীর বিজয়নগরে বিএনএমসির কার্যালয়ে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার হালিমা আক্তারের কাছে স্মারকলিপি দেয় বিবিজিএসএনএ। স্মারকলিপি সই করেছেন সংগঠনটির সভাপতি আসিফ নাদিম। আর মিটফোর্ড নার্সিং কলেজের সামনে মানববন্ধন করে বিডিএসএনইউ।

বিএনএমসির রেজিস্ট্রার বরাবর দেওয়া সংগঠনটির সভাপতি আসিফ নাদিম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজ এবং আইএসআইবি নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের চরম স্বেচ্ছাচারিতা ও প্রতিহিংসামূলক আচরণের শিকার হয়েছেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। বিএনএমসি অর্ডিন্যান্সের ৬.৭(৩) ধারা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে ২৭ লাখ টাকা আদায় করেছিল। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ সেই অর্থ ফেরত দিতে বাধ্য হয়।

এতে আরও বলা হয়, এই ন্যায্য আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কর্তৃপক্ষ শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর ক্ষিপ্ত হয়ে কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত ২ নভেম্বর ইস্যুকৃত ও ৮ নভেম্বর প্রদত্ত একটি চিঠির মাধ্যমে ফরম পূরণের আগমুহূর্তে তার ছাত্রত্ব বাতিল করে। এছাড়া গত ৯ নভেম্বর থেকে অঘোষিতভাবে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই অবৈধ বহিষ্কার প্রত্যাহার ও নিয়মিত ক্লাস চালুর দাবিতে গত ১৯ নভেম্বর সকালে অন্তু বিশ্বাস শান্তিপূর্ণ ‘একক অবস্থান কর্মসূচি’ পালনকালে কর্তৃপক্ষের ইন্ধনে তার ওপর ন্যক্কারজনক হামলা ও মারধর করা হয়। একজন নার্সিং শিক্ষার্থীর সাথে এমন বর্বরোচিত আচরণ এবং শিক্ষাজীবন ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

এ অবস্থায় নার্সিং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার্থে আমরা আপনার মাধ্যমে জরুরি ভিত্তিতে ২টি দাবি বাস্তবায়নের জোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এগুলো হলো—

১. ছাত্রত্ব পুনর্বহাল ও নিরাপত্তা নিশ্চিতকরণ: শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে গৃহীত প্রতিহিংসামূলক ও অবৈধ ছাত্রত্ব বাতিলের আদেশ অবিলম্বে প্রত্যাহার করে তার ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ন্যায্য দাবির কারণে কোনো শিক্ষার্থী যেন এমন শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার না হয়, তা স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।

২. সুষ্ঠু তদন্ত ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ: বিএনএমসি অর্ডিন্যান্স লঙ্ঘন করে অর্থ আদায়, অঘোষিতভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রতিষ্ঠান ও জড়িত কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্মারকলিপি প্রদানের আগে বিবিজিএসএনএর প্রতিনিধিদল

স্মারকলিপি প্রদানকালে বিবিজিএসএনএর সহ-সভাপতি ইমন রাঢ়ী, উপদেষ্টা নিলঞ্জন দত্ত, সাংগঠনিক সম্পাদক মাহিন ইমন ও মেহেদী হোসাইন রাফি উপস্থিত ছিলেন।

একই দিন মিটফোর্ড নার্সিং কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরে বিডিএসএনইউ। এগুলো হলো— অন্তু বিশ্বাসের ওপর ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে, তার ছাত্রত্ব পুনর্বহাল করে আসন্ন পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে এবং অতিদ্রুত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে কেন্দ্রীয় পরিষদ এবং মিটফোর্ড শাখার বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে হয়রানির ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। সংগঠনটির সভাপতি মো. জামাল উদ্দিন বাদশা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বরিশাল নার্সিং কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর মো. আলী আজগর আহ্বায়ক করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন একই প্রতিষ্ঠানের আরেক নার্সিং ইনস্ট্রাক্টর মো. সাইব হোসেন রনি মোল্লা এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মাহমুদুল হাসান (সম্রাট) ও মো. নূরে আলম তালুকদার। গঠিত কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক আবশ্যিকভাবে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিএনএর আদেশে বলা হয়েছে, বরিশালের বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে বহিষ্কৃত অন্তু বিশ্বাস তার ছাত্রত্ব ফিরে পাওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করতে গেলে আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহন না করে সন্ত্রাসী কর্তৃক হামলা, হুমকি-ধামকি প্রদর্শন এবং কিল-ঘুষি মেরে সিড়ি থেকে ফেলে দেয়ার ন্যাক্কারজনক কর্মকাণ্ড, যা অন্তু বিশ্বাসের বড় ধরণের শারিরীক ক্ষয়ক্ষতি এমনকি মৃত্যুর সম্ভাবনাও ছিল। পরবর্তীতে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার না করে উল্টো হামলার শিকার আহত অন্তু বিশ্বাসকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ বে-আইনি ও আইনের শাসনের বিপরিত চিত্র বলে মনে করা হচ্ছে।

মিটফোর্ডে বিডিএসএনইউর মানববন্ধন

এতে আরও বলা হয়, প্রশাসন বা আইনের আশ্রয় না নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন সন্ত্রাসী এবং বে-আইনি কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) জাতীয় কার্যনির্বাহী পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এ সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ও নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের প্রকৃত বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিচার বিভাগীয় তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছে বিএনএ। একই সাথে বিএনএ সাংগঠনিকভাবে এই ন্যাক্কারজনক ঘটনার সরেজমিন তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট পেশ করবে এবং বিচার বাস্তবায়নে বিলম্ব হলে পরবর্তি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

উল্লেখ্য, বরিশালের বেসরকারি আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে পুলিশ দিয়ে তুলে নিয়ে হয়রানির গুরুতর অভিযোগ ওঠে শুক্রবার (২০ নভেম্বর)। এদিন বিকেলে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এই ঘটনা ঘটে। এর আগের দিন, নিজ প্রতিষ্ঠানেই এক অবস্থান কর্মসূচি পালনকালে এক কর্মচারীর হাতে হামলার শিকার হন অন্তু। তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোচনার সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচ হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নাম ভাঙিয়ে ১২ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন—হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের কোনো অর্থ দাবি করেনি। এরপরই অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার নিজ প্রতিষ্ঠানে এমন হামলার শিকার হন অন্তু বিশ্বাস

পরবর্তীতে গত ১৭ মে ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয় এবং ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন। আদালতের এই পদক্ষেপের পর কলেজ কর্তৃপক্ষ সংগৃহীত অর্থ সমন্বয় করতে বাধ্য হলেও, প্রতিবাদের জেরে অন্তু বিশ্বাসের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে প্রশাসন। এরই জের ধরে গত ২ নভেম্বর কোনো পূর্ব নোটিশ ছাড়াই অবৈধভাবে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়, যার ধারাবাহিকতায় পরবর্তীতে এই মারধর ও হয়রানির ঘটনা ঘটে।

নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬