ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো © সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করে যাচ্ছে একটি মহল। মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে চরমোনাই পীরের এই দলটি।
শনিবার (২১ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করে যাচ্ছে একটি মহল। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই এসব প্রচারণা বেনামে ও ছদ্মবেশে চালানো হয়। সাম্প্রতিক জনৈক ফাহিম ফারুকী সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা ছড়িয়েছে। এসব মিথ্যাচার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করছে। তাই এসব মিথ্যাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।
বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাজনৈতিক কর্মপন্থায় পার্থক্য থাকার কারণেই ভিন্ন-ভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে; এটাই রাজনীতির সৌন্দর্য্য। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগী-প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নোংরা ও তীব্র মিথ্যাচার সহনীয় না। মিথ্যাচারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনী ব্যবস্থা নেয়া ছাড়া আর কোন উপায় নাই।