অধ্যাপক ড. সামসাদ মর্তূজা © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজার লিয়েন ছুটি বাড়ানোর আবেদন পুনর্বিবেচনার জন্য করা আপিল নাকচ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। একই সঙ্গে তাকে নিজ বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ড. সামসাদবর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউল্যাবের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের জন্য তার লিয়েন ছুটি বাড়ানোর বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আলোচনা হয়।
তবে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, লিয়েন ছুটি বাড়ানোর আবেদন পুনর্বিবেচনার জন্য অধ্যাপক সামসাদ মর্তূজা যে আপিল করেছিলেন, তা নাকচ করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৩ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ড. সামসাদ মর্তূজার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যেই তার লিয়েন ছুটি শেষ হওয়ায় তার আপিলটি নাকচ হয়েছে। তাকে নতুন করে আবারও নিজ বিভাগে যোগদান করতে বলা হবে; পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হবে।
এর আগে অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ইউল্যাবে অধ্যাপক ও উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের জন্য ১ আগস্ট ২০১৬ থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত মোট পাঁচ বছর লিয়েন ছুটি ভোগ করেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, বর্তমানে একজন শিক্ষক সর্বোচ্চ চার বছর পর্যন্ত লিয়েন ভোগ করতে পারেন। এর আগে এই সময়সীমা পাঁচ বছর ছিল।
জানা যায়, ড. সামসাদ মর্তূজা ২০১৫ সালের ১৫ জুন অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এর পরের বছর, ২০১৬ সালে, তিনি ইউল্যাবে যোগ দেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইউল্যাবের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর আবার ইউল্যাবের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চার বছরের লিয়েন ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে সিন্ডিকেটের আলোচনার পর ওই লিয়েন ছুটিকে বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক না হওয়ায় বাতিল করা হয়। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়। পরে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অধ্যাপক মর্তূজা আপিল; যা ২৩ নভেম্বরের সিন্ডিকেট সভায় নাকচ হয়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার (২৪ নভেম্বর) অধ্যাপক ড. সামসাদ মর্তূজা দ্য ডেইলি ক্যাম্পাসকে ক্ষুদেবার্তায় জানান, ‘আমি এখনো কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি। আনুষ্ঠানিক নোটিশের জন্য অপেক্ষা করব এবং সিন্ডিকেটের সিদ্ধান্তকে সম্মান করব।’