৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়

২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ PM
৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয় 

৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। দিনটি ঘিরে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে, যেখানে ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন । 

১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা ও ত্যাগ জড়িয়ে রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ ও প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

প্রশাসনের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশনায় আর্থিক প্রণোদনা প্রদান। এ ছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদান দেওয়া হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। এসব প্রকল্পে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘ সাত বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পাঁচটি আবাসিক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল ও বিজয় ২৪ হলে ১ হাজার ১৮০ জন করে, অপরাজিতা হলে ১ হাজার ১৫০ জন, খান জাহান আলী হলে ১ হাজার ১০০ জন এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলে ৭৮৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণের তথ্য দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫ হাজার ৩৯৫ জন।

দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা। সভায় গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। পরে অদম্য বাংলা প্লাজায় বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরা হবে।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন ও অন্যান্য স্থাপনা আলোকসজ্জায় সাজানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী ও খুলনার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী।

শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি
  • ২৪ নভেম্বর ২০২৬
সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • ২৪ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষককে শোকজ
  • ২৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস মোকাবিলায় পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরু…
  • ২৪ নভেম্বর ২০২৬
রয়টার্স আসলে কী বলছে, প্রতিবেদকের পরিচয় কী— ক্ষোভ ঝাড়লেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬