২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি কত হচ্ছে?

২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ PM
মজুরি বোর্ডের চতুর্থ সভা

মজুরি বোর্ডের চতুর্থ সভা © সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় এখনো মজুরি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। এ বিষয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনা শেষে উভয় পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে কয়েক দফা আলোচনার পর তা বাড়িয়ে প্রথমে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৮০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তারা প্রস্তাব কমিয়ে ২৫ হাজার টাকা করে। পরে সর্বশেষ প্রস্তাবে তা আরও কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের কথা জানায়।

বোর্ডের একজন সদস্য জানান, দীর্ঘ সময় আলোচনা চললেও মজুরির পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দূর হয়নি। এ কারণে সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। মুলতবি হওয়া সভাটি মঙ্গলবার বেলা ২টায় আবার শুরু হওয়ার কথা ছিল।

মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব কার্যকর হলে এই মজুরি বেড়ে ১৫ হাজার ৮০০ টাকা হবে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি দাঁড়াবে ২২ হাজার টাকা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশিদের জন্য সুখবর  
  • ২৪ নভেম্বর ২০২৬
১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো…
  • ২৪ নভেম্বর ২০২৬
২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি
  • ২৪ নভেম্বর ২০২৬
সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • ২৪ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষককে শোকজ
  • ২৪ নভেম্বর ২০২৬