সোনার দামের পতন © সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা দরপতনের পর আজ সোমবার (২৩ নভেম্বর) প্রথম দফায় ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হলেও সোনার দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। একদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতি, প্রকৃত সুদের হার বৃদ্ধি ও বিশ্ববাজারে তৈরি হওয়া ভয়ের পরিবেশকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে দেশের বাজারে সোনার দাম নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রায় দুই দশক আগের নিয়মে ফিরে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে সোনার মূল্যের হিসাব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সমিতির নেতারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সোনার বাজারে এই দরপতনের কারণ কী এবং সামনে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে কি না?
শনিবার (২১ নভেম্বর) জুয়েলার্স সমিতির কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের ২৮ জন সদস্য অংশ নেন। সভায় সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। যদিও কিছু ব্যবসায়ী এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
বিশ্ববাজারে সোনার দামের সাম্প্রতিক গতিপ্রকৃতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে। দিল্লির বাজারে ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় ২৫ শতাংশ দরপতন হয়েছে। সোনার দামের এমন বড় সংশোধনের পর যাদের কাছে সোনা রয়েছে, তারা আরও দাম কমবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে যারা নতুন করে সোনা কিনতে চান, তারা বর্তমান দরপতনকে কেনার উপযুক্ত সুযোগ হিসেবে বিবেচনা করছেন। তবে এই দুই প্রশ্নের উত্তর পেতে হলে শুধু সোনার দামের ওঠানামা নয়, বরং আন্তর্জাতিক অর্থনীতি, সুদের হার, ডলারের মূল্য এবং ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও বুঝতে হবে।
বিশ্ববাজারে সোনার দামের পতনের কারণ ব্যাখ্যা করেছেন অর্থনীতিবিদ রবিন জে ব্রুকস। তার বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর কঠোর নীতি বাজারে ভয়ের পরিবেশ তৈরি করছে। একই সঙ্গে এটি ঋণ কমানোর একটি বড় ঢেউয়ের সূচনা করতে পারে।
রবিন জে ব্রুকস বলেন, ফেডের অবিবেচনাপ্রসূত সুদের হার বৃদ্ধির চক্র বাজারে একটি ভয়ের পরিবেশ তৈরি করছে এবং সম্ভবত ঋণ কমানোর একটি ঢেউ শুরু করতে পারে। তিনি গতকাল রাতে একটি সংক্ষিপ্ত পোস্টে ডলারের অস্বাভাবিক উত্থানের বিষয়টি তুলে ধরেছিলেন। উদীয়মান বাজারগুলোর (ইএম) বিপরীতে ডলারের মূল্য অনেক উঁচুতে উঠেছিল। এ ধরনের মূল্য আচরণ সাধারণত ঋণ কমানোর প্রক্রিয়া শুরু হওয়ার একটি ইঙ্গিত দেয়। এ কারণে এই সপ্তাহে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দামের ওঠানামাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।
তিনি বলেন, ফেডের এই কঠোর নীতি পরিবর্তন টেকসই নয়। কারণ, তেলের দাম কমার ফলে প্রকৃত সুদের হার তীব্রভাবে বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে তিনি দেখিয়েছেন, ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত ইল্ড উল্লেখযোগ্য ব্যবধানে গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
তেলের দাম কমাকে তিনি ইতিবাচক দিক হিসেবে দেখলেও সাম্প্রতিক সময়ে বাজারে তৈরি হওয়া ভয়ের পরিবেশকে গুরুত্বপূর্ণ মনে করছেন। এই পরিস্থিতি ঋণ কমানোর প্রক্রিয়ার একটি লক্ষণ এবং প্রক্রিয়াটি ক্রমশ বাড়তে পারে। যেহেতু রাজস্ব নীতি নিয়ন্ত্রণের বাইরে, তাই মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে লাভের পক্ষে থেকে তিনি এই ভয়ের পরিবেশকে সোনার জন্য স্বল্পমেয়াদি প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন। তবে ঋণ কমানোর প্রক্রিয়াটি অপ্রত্যাশিত। বিশেষ করে ইরানের সঙ্গে আবারও একটি ‘উত্তপ্ত’ যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
ডলার, সোনা ও তামার দামে অস্বাভাবিক গতিবিধি নিয়ে দুটি বড় বিষয় সামনে এনেছেন রবিন জে ব্রুকস।
প্রথমত, ডলার, সোনা ও তামার দামে অ-রৈখিক গতিবিধি দেখা যাচ্ছে। অথচ সাম্প্রতিক দিনগুলোতে প্রকৃত সুদের হার ও তেলের দাম বেশ স্থিতিশীল রয়েছে। তার মতে, এটি এমন একটি ইঙ্গিত হতে পারে যে বাজারের কোথাও কিছু একটা ভেঙে পড়ছে, অর্থাৎ ঋণ কমানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
দ্বিতীয়ত, সাম্প্রতিক দিনগুলোতে প্রকৃত সুদের হার বৃদ্ধি থেমে গেলেও সোনার দাম ক্রমাগত কমছে। তাঁর মতে, এর মাধ্যমে বোঝা যায়, বাজারে একটি ভয়ের পরিবেশ কাজ করছে। বিষয়টি আরও নিবিড়ভাবে খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি।
দেশের বাজারে সোনার দাম কতটা কমবে
বিশ্ববাজারে সোনার দামের ওঠানামার সঙ্গে দেশের বাজারেও দামের পরিবর্তন হয়। তবে দেশে সোনার দাম নির্ধারণের ক্ষেত্রে বুলিয়ন মার্কেটের তেজাবি সোনার (৯৯ দশমিক ৫০ শতাংশ খাঁটি সোনা) দাম বিবেচনায় নেওয়া হয়।
গত শুক্রবার (২০ নভেম্বর) এক ভরি তেজাবি সোনার দাম ছিল ১ লাখ ৮১ হাজার টাকা। সেদিন সকালে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। পরদিন শনিবার তেজাবি সোনার দাম ছিল ১ লাখ ৮২ হাজার ২০০ টাকা। সেদিন রাতে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ভরিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সবশেষ আজ সোমবার ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভরিপ্রতি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
সমিতির একাধিক সদস্য জানান, সোনার বর্তমান দর অনুযায়ী শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরির খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে তফাত ছিল প্রায় ১৬ হাজার টাকা। গতকাল থেকে সেই ব্যবধান কমে হয়েছে প্রায় ১০ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে এ ব্যবধান আরও কমতে পারে বলে জানান তারা।
জানতে চাইলে জুয়েলার্স সমিতির সোনা ও রুপার দাম নির্ধারণ ও তদারকি-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা মূলত স্বর্ণের অলংকার তৈরি ও বিক্রি করি। স্বর্ণ আমাদের কাঁচামাল। বাংলাদেশে স্থানীয় বাজারে স্বর্ণের যে দাম এবং আন্তর্জাতিক বাজারে যে মূল্য থাকে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা অলংকারের দাম সমন্বয় করার চেষ্টা করি। বেশ কিছুদিন ধরে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। তবে স্বর্ণের বাজার খুবই সংবেদনশীল। এটি একটি মূল্যবান ধাতু। এর বাণিজ্যিক চাহিদার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যম হিসেবেও এর গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক বাজারের যুদ্ধবিগ্রহসহ বিভিন্ন পরিস্থিতি এবং অন্যান্য পণ্যের বাজারের ওপর নির্ভর করে স্বর্ণের দামে ওঠানামা হয়। আন্তর্জাতিক বাজারের সেই প্রভাব আমাদের স্থানীয় বাজারেও পড়ে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে এখানে বাড়বে, কমলে কমবে।’
মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘মজুরি মূলত অলংকারের নকশা ও কাজের ধরনের ওপর নির্ভর করে। দোকানমালিকের কত টাকা মজুরি প্রয়োজন, তা তিনি ক্রেতার কাছ থেকে নিজেই নেবেন। এ ক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট মজুরি নির্ধারণ করে দিইনি। হাতে তৈরি কাজের মজুরি কেউ নির্দিষ্ট করে দিতে পারে না। একজন শিল্পী একটি অলংকার তৈরি করতে কত সময় নেবেন, তা কাজের ধরন ও নকশার ওপর নির্ভর করে। কোনো কাজ তৈরি করতে এক মাসও লাগতে পারে, আবার কোনোটি ১০ দিনেও তৈরি হতে পারে। এর সঙ্গে উৎপাদন খরচের বিষয়টিও জড়িত।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সোনার দামের সঙ্গে অন্য কিছু যুক্ত রাখা হবে না। সে ক্ষেত্রে প্রতি গ্রামে ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার মজুরি দিতে হবে গ্রাহকদের। পৃথিবীর অন্যান্য দেশে এই মডেলেই জুয়েলারি ব্যবসা চলে। আমরাও সেদিকে যেতে চাই।’