অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিশ্বকাপে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ AM
আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল © টিডিসি ছবি

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র ম্যাচে মোজাম্বিককে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো প্লাসেন্তের দল। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর এই জয়ে ঘুরে দাঁড়িয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খবর টিওয়াইসি স্পোর্টসের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনার যুবারা। চতুর্থ মিনিটেই মাতেও মাচুকার গোলে এগিয়ে যায় দলটি। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল পাওয়ার পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমন এসকোবার। বল পেয়ে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পায়ের বাইরের অংশ দিয়ে দারুণ এক শটে গোল করেন তিনি। এতে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

তবে বিরতির ঠিক আগে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মোজাম্বিক। আর্জেন্টিনার গোলরক্ষক ভ্যালেন্তিন রেইগিয়ার একটি শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে জালে পাঠান আলিরিও জুনিয়র। এতে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে ক্লান্তির প্রভাব পড়তে শুরু করে আর্জেন্টাইন খেলোয়াড়দের পারফরম্যান্সে। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে গিয়ে কিছুটা ছন্দ হারায় তারা। এই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের গতি বাড়ায় মোজাম্বিক।

দ্বিতীয়ার্ধের ২৫তম মিনিটে সমতাসূচক গোলও পেয়ে গিয়েছিল আফ্রিকার দলটি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে সমতায় ফেরার সুযোগ হারায় মোজাম্বিক।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে গ্রুপ ‘সি’তে নিজেদের অবস্থান শক্ত করেছে আর্জেন্টিনা। মোজাম্বিকের বিপক্ষে জয়ের পর তাদের পয়েন্ট দাঁড়িয়েছে চার। সমান চার পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে মোজাম্বিক। অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার ডেনমার্কের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান। 

অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিশ্বকাপে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা
  • ২৩ নভেম্বর ২০২৬
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
  • ২৩ নভেম্বর ২০২৬
স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
  • ২৩ নভেম্বর ২০২৬
সোনার বাজারে দরপতনের কারণ কী, দাম কী আরও কমবে?
  • ২৩ নভেম্বর ২০২৬
গ্রেড-২০, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি …
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রাইভেসি সেটিংসে বড় পরিবর্তন আনল জেমিনি, জেনে নিন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬