ঝালকাঠির রাজাপুর

১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো মানুষ

২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ PM
১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো মানুষ

১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো মানুষ © টিডিসি ছবি

দেখতে সড়ক, কিন্তু বাস্তবে যেন খানাখন্দে ভরা এক দীর্ঘ পথ। কোথাও পিচঢালাই উঠে গেছে, কোথাও বেরিয়ে এসেছে ইট। আবার কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝালকাঠির রাজাপুরে বাদুরতলা লঞ্চঘাট থেকে উপজেলা সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ প্রতিদিন কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এক-দুই বছর নয়, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সড়কটির এমন দুরবস্থা। পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে ইট ও খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।

রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট থেকে উপজেলা সদর পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। সড়কের আশপাশে রয়েছে কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া এই অঞ্চলের শিক্ষার্থীরা রাজাপুর সরকারি কলেজ, আলহাজ্ব লালমহন হামিদ মহিলা কলেজ, রাজাপুর ফাজিল মাদ্রাসা, রাজাপুর পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক ও পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করেন।

এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। গর্ত এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলায় সময় বেশি লাগছে। অনেক সময় যানবাহন গর্তে আটকে পড়ছে। সামান্য অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনাও। শুধু শিক্ষার্থী নয়, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের দৈনন্দিন চলাচলেও বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কটি। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে উপজেলা সদরে কিংবা হাসপাতালে যেতে গিয়েও পড়তে হচ্ছে চরম বিপাকে। সড়কের বড় বড় গর্তে যানবাহন বারবার ঝাঁকুনি খাওয়ায় অসুস্থ রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দিনের বেলায় কোনোভাবে যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও পর্যাপ্ত আলোর অভাবে দুর্ঘটনার আশঙ্কায় অনেক ইজিবাইক চালক সন্ধ্যার পর এই পথে চলাচল বন্ধ করে দেন। ফলে রাতের বেলা জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ রোগী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।

সড়কের বেহাল অবস্থার প্রভাব পড়েছে যানবাহন চালকদের আয়-রোজগারেও। গর্ত ও উঁচু-নিচু সড়কে চলাচল করতে গিয়ে ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। ঘন ঘন মেরামত করতে গিয়ে আয়ের একটা বড় অংশ ব্যয় করতে হচ্ছে গাড়ির পেছনে। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকরা।

স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে সড়কটির দুরবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করা হলে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে। তাই কালক্ষেপণ না করে সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটির দ্রুত নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছেন বাদুরতলা থেকে রাজাপুর উপজেলা সদর পর্যন্ত সড়ক ব্যবহারকারী কয়েক হাজার মানুষ। তাদের প্রত্যাশা, কাগজে-কলমে অনুমোদনের মধ্যেই যেন আটকে না থাকে উন্নয়ন। দ্রুত বাস্তবায়ন হোক সড়ক সংস্কারের কাজ।

রাজাপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার বলেন, আমাদের প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় চলাচল করতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়, তখন বোঝা যায় না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। অনেক সময় যানবাহনে ঝাঁকুনি লাগে, আবার হেঁটে চলতেও সমস্যা হয়। দ্রুত সড়কটি সংস্কার করা হলে আমাদের মতো শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।

রাজাপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাজিব হাওলাদার বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন কলেজে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা। যানবাহন খুব ধীরে চলাচল করে, ফলে কলেজে যেতে অনেক বেশি সময় লাগে। সন্ধ্যার পর অনেক ইজিবাইক চলাচল করতে চায় না। এতে জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। আমরা চাই, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

ইজিবাইক চালক হারুন হাওলাদার বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। রাস্তায় অসংখ্য গর্ত থাকায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হয়। আয় যা হয়, তার বড় একটি অংশ গাড়ি মেরামতেই চলে যায়। দিনের বেলায় ঝুঁকি নিয়ে গাড়ি চালালেও সন্ধ্যার পর গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই অনেক সময় রাতে গাড়ি চালানো বন্ধ রাখতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে আমাদের পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগ কমবে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী এস এম জিয়াউল হক বলেন, সড়কটি নির্মাণের জন্য ইতোমধ্যে অনুমোদন পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই নির্মাণকাজ শুরু করা হবে।

এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা
  • ২৪ নভেম্বর ২০২৬
১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশিদের জন্য সুখবর  
  • ২৪ নভেম্বর ২০২৬
১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো…
  • ২৪ নভেম্বর ২০২৬
২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি
  • ২৪ নভেম্বর ২০২৬
সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • ২৪ নভেম্বর ২০২৬