ইবির ৫ম সমাবর্তন

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের

২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ AM
ইবির পঞ্চম সমাবর্তন

ইবির পঞ্চম সমাবর্তন © টিডিসি সম্পাদিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের প্রত্যাশা থাকলেও অতিরিক্ত নিবন্ধন ফি-এর চাপে ক্রমেই তা আমেজ হারাচ্ছে। নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন আনুমানিক মাত্র দুই হাজার শিক্ষার্থী। ২০১২-১৩ সেশন থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দিলেও এখনো আবেদনই করেননি ৯০ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ফি কমানোর দাবি জানিয়েছেন ৭২ শতাংশ শিক্ষার্থী। 

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ইবিয়ান এ ‘৫ম সমাবর্তনের জন্য আবেদন শেষ করেছেন কি?’— শীর্ষক একটি জরিপ পরিচালনা করা হয়। আবেদন সংক্রান্ত একটি জরিপে উঠেছে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য তথা শিক্ষার্থী অভিপ্রায়। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত সেখানে দেখা যায় এখনো সমাবর্তনের আবেদন সম্পন্ন করেননি জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ গ্র্যাজুয়েট। তাঁদের মধ্যে সমাবর্তন ফি কমানো হলে আবেদন করবেন বলে জানিয়েছের ৭২ শতাংশ শিক্ষার্থী।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, নিয়মিত স্নাতক ও মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে স্নাতক সনদ ফি ৫০০ টাকা যুক্ত হওয়ায় স্নাতক ডিগ্রিধারীদের মোট খরচ দাঁড়াচ্ছে ৫ হাজার টাকা। 

জরিপের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৮০৬ জন অংশগ্রহণকারীর মধ্যে মাত্র ১৭৫ জন (১০ শতাংশ) সমাবর্তনের আবেদন সম্পন্ন করেছেন। অন্যদিকে, ২৩২ জন (১৩ শতাংশ) জানিয়েছেন, তারা এখনো আবেদন করেননি। এ ছাড়া ১ হাজার ৩০৭ জন (৭২ শতাংশ) ফি কমানো হলে আবেদন করার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি ৯২ জন (৫ শতাংশ) জানিয়েছেন, ছুটির দিনে (অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার) সমাবর্তন আয়োজন করা হলে তাঁরা আবেদন করবেন।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আবেদন সম্পন্ন না করা তিন শ্রেণির অংশগ্রহণকারীর সংখ্যা ১ হাজার ৬৩১ জন, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৯০ শতাংশ। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৩০৭ জনই ফি কমানোর শর্তে আবেদন করতে আগ্রহী। অর্থাৎ, সমাবর্তনে অংশগ্রহণের ক্ষেত্রে ফি কমানোর বিষয়টি অধিকাংশ গ্র্যাজুয়েটের কাছে গুরুত্বপূর্ণ বিবেচ্য হয়ে উঠেছে। জরিপে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে সমাবর্তন ফি কমানোর দাবি জানিয়েছেন অনেকে। 

সাইফ উল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, প্রতিটি ইবিয়ানের অংশগ্রহণ নিশ্চিত করতে সার্টিফিকেটসহ সমাবর্তনের ফি ৪ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা উচিত। নির্ধারিত ফির বাইরে দূরবর্তী জেলা থেকে আসা গ্র্যাজুয়েটদের যাতায়াত, থাকা ও খাওয়াসহ অতিরিক্ত ৪/৫ হাজার টাকা খরচ হতে পারে। এ ছাড়া কর্মজীবীদের সুবিধার কথা বিবেচনায় সমাবর্তনের তারিখ পুনর্বিবেচনা এবং নিবন্ধনের বিপরীতে কী কী উপহার ও সুবিধা দেওয়া হবে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানান তিনি।

শিক্ষার্থী শামীম আহমেদ লিখেছেন, ‘কনভোকেশন আনন্দ উৎসব না হয়ে কনভোকেশন বাণিজ্য হতে চলেছে।’

সাফওয়ান রহমান বলেন, সমাবর্তনে অংশগ্রহণের প্রবল ইচ্ছা থাকায় তিনি নিবন্ধন করেছেন। তবে এখনো ফি পরিশোধ করেননি। ফি কমানো হলে তিনি নিবন্ধন সম্পন্ন করবেন। অন্যথায় নিবন্ধন চূড়ান্ত করবেন না বলে জানান তিনি।

জেডএম শিবলী স্বাধীন নামের আরেক শিক্ষার্থী বলেন, তিনি দুই মাস আগেই সব সনদ সংগ্রহ করেছেন। এরপরও সমাবর্তনের জন্য সনদ বাবদ আবার ১ হাজার ২০০ টাকা দিতে হবে, যা তাঁর কাছে অন্যায্য মনে হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৫০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হলেও এর বিপরীতে কী কী সুবিধা দেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি। ফি কমানো হলে সমাবর্তনে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন ও আবেগ যেন হারিয়ে না যায়, সেজন্য সমাবর্তন ফি সহনীয় ও যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এদিকে নিবন্ধন ফি কমানো ও সময়সীমা বাড়ানোর দাবিতে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ।

স্মারকলিপিতে নিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং স্নাতক সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করে মোট ৩ হাজার ৫০০ টাকা করার দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিবন্ধনের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে সময়সীমা বাড়ানোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। নিবন্ধনের নির্ধারিত সময় আগামীকাল শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের
  • ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬