ডা. মো. আব্দুস সালাম © টিডিসি সম্পাদিত
মেডিকেল পরীক্ষার্থী? হতাশ লাগছে? পড়া মনে থাকছে না? একটু থামো! আমিও তোমাদের মতো একই সমস্যায় পড়েছিলাম ২০১৪ সালে। মেডিকেল জীবনের সেই সময়টাতে আমিও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করেছি, পড়া ভুলে গেছি, কখনো কখনো নিজের সক্ষমতা নিয়েও সন্দেহ হয়েছে।
একবার মনে হয়েছে পারব। আরেকবার মনে হয়েছে আমাকে দিয়ে হয়তো হবে না। তবুও হাল ছাড়ি নাই।
তাই চলো, আজ নিজের অভিজ্ঞতার আলোকে তোমাদের কয়েকটি পরামর্শ দিই। এগুলো হয়তো তোমাদের সমস্যাগুলো পুরোপুরি সমাধান করবে না, তবে কিছুটা হলেও মানসিক চাপ কমাতে এবং পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করবে।
১. পরীক্ষাকে ভয় পেও না, প্রস্তুতিকে গুরুত্ব দাও
পরীক্ষাভীতি খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ভয় যখন তোমার পড়াশোনার চেয়ে বেশি জায়গা দখল করে নেয়, তখনই সমস্যা। তখন পড়ার টেবিলে বসা হয় ঠিকই। কিন্তু পড়াশোনা একবারেই হয়ে ওঠে না। তাই মনে রেখো, পরীক্ষা তোমার জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। একটি পরীক্ষার ফলাফল দিয়ে তোমার মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যৎ নির্ধারিত হয় না। হবে না। অন্যের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা বন্ধ করো। কে কত ঘণ্টা পড়ছে, কে কতদূর এগিয়েছে, এসব চিন্তা বাদ দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও।
২. পরীক্ষার আগের স্ট্রেস কমাও
পরীক্ষার আগের কয়েক সপ্তাহে মানসিক চাপ বেড়ে যাওয়া খুব স্বাভাবিক। অসম্ভব রকমের বড় রুটিন তৈরি করো না। প্রতিদিনের জন্য ছোট ছোট টার্গেট নির্ধারণ করো। একসঙ্গে অনেক কিছু শেষ করার চিন্তা বাদ দাও। পড়ার মাঝে ৫–১০ মিনিট বিরতি নাও। আবার শুরু করো। ক্লান্ত লাগলে এক কাপ কফি খেয়ে আবার শুরু করো।
৩. পড়া মনে থাকছে না? আতঙ্কিত হয়ো না
অনেকেই মনে করে, একবার পড়লেই সব মনে রাখতে হবে। বাস্তবে বিষয়টি এমন নয়। আর এই সমস্যা শুধু তোমার না। বলা যায় সব শিক্ষার্থীই এমন সমস্যায় দিনাতিপাত করছে। বিষয়টা মন থেকে একেবারেই ঝেড়ে ফেলো। বিগত বছরের প্রশ্ন সলভ করো। আগের পড়া নির্দিষ্ট বিরতিতে রিভিশন দাও। যে বিষয়গুলো ভুলে যাচ্ছ, সেগুলো আলাদা করে লিখে রাখবে।
নোটটা শোবার সময় পাশে রেখো। যেন ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাবার আগে একবার দেখে নিতে পারো।
৪. ঘুমের সঙ্গে আপস? একেবারেই না
পরীক্ষা সামনে রেখে অনেকেই রাত জেগে পড়াশোনা করে। কেউ কেউ মনে করে, ঘুম কমিয়ে পড়ার সময় বাড়ালেই প্রস্তুতি ভালো হবে। এটি মস্তবড় একটি ভুল ধারণা। পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখা বিষয় মনে রাখতে সাহায্য করে। তাই রাত জেগে অকারণে পড়ার পরিবর্তে নিয়মিত ঘুমের অভ্যাস তৈরি করো। বিশেষ করে পরীক্ষার আগের রাতে ঘুম নষ্ট করে নতুন কিছু শেখার চেষ্টা কোরো না। তাতে বরং পরীক্ষা খারাপ হতে পারে। তাই তোমার প্রস্তুতি হোক পর্যাপ্ত এবং নিয়মিত ঘুমের সাথে। এই অভ্যাসই তোমাকে অন্যের থেকে এগিয়ে রাখবে।
৫. ফোন ব্যবহার? একেবারেই না
দীর্ঘ সময় মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় থাকা তোমার পড়াশোনার সময়কে কমিয়ে দেয়। তুমি পড়ার টেবিলে বসে থাকো ঠিকই। কিন্তু পড়াশোনা হয় না। তাই পরীক্ষার আগের সময়গুলোতে ডিভাইসগুলো দূরে সরিয়ে রাখো।
৬. পরীক্ষার হলে নিজেকে শান্ত রাখো
পরীক্ষার হলে প্রশ্ন দেখে প্রথমেই ঘাবড়ে যেও না। প্রথমে পুরো প্রশ্নপত্র একবার দেখে নাও। যেগুলো ভালো পারো, সেগুলো দিয়ে শুরু করো। কোনো একটি প্রশ্নে আটকে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট করো না। মাঝে মাঝে মনে হতে পারে, কিছুই মনে পড়ছে না। নিজেকে স্থির করো এবং প্রশ্নটি আবার পড়ো। না পারলে পরের প্রশ্নে চলে যাও। আস্তে ধীরে সব মনে পড়তে শুরু করবে।
৭. নিজের ওপর বিশ্বাস রাখো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, নিজের ওপর বিশ্বাস হারাবে না। তোমার সহপাঠী হয়তো তোমার চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। কেউ হয়তো অনেক বেশি পড়ছে। কিন্তু তার মানে এই নয় যে তুমি পারবে না। মেডিকেল জীবনে সফল হতে হলে শুধু মেধা নয়, প্রয়োজন ধৈর্য্য, ধারাবাহিকতা এবং নিজের ভুল থেকে শেখার মানসিকতা। নামাজ পড়ো। মহান রবের কাছে বেশি করে চাও যেন মহান রব তোমার দোয়া কবুল করেন। তোমার পরিশ্রমকে স্বার্থক করে তোলেন। দিনশেষে তোমারই বিজয় হবে ইনশাআল্লাহ।
সবশেষ বলি, আমি জানি—মেডিকেল জীবনের পরীক্ষাগুলো সহজ নয়। প্রতিটি পরীক্ষার পেছনে থাকে অনেক পরিশ্রম, অনিশ্চয়তা, আত্মত্যাগ এবং মানসিক চাপ। কিন্তু মনে রেখো, তুমি এতদূর এসেছ নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়েই। শেষ মুহূর্তের কিছু হতাশা যেন তোমার এত দিনের অর্জনকে ম্লান করে না দেয়। নিজেকে সময় দাও। নিজের যত্ন নাও। নিয়মিত পড়াশোনা করো। প্রয়োজন হলে কাছের মানুষদের সঙ্গে মনের কথা বলো। অতিরিক্ত মানসিক চাপে ভুগলে সাহায্য চাইতে দ্বিধা করো না। পরীক্ষা জীবনের একটি অংশ, জীবনটাই পরীক্ষা নয়। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।
ডা. মো. আব্দুস সালাম
দপ্তর সম্পাদক
ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)