স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে এর আবেদনও শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (https://dgme.teletalk.com.bd) আবেদন আহ্বান করা হচ্ছে।’
আবেদনের যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ সাল অথবা ২০২৬ সালে এইচএসসি বা ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের পূর্বে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। এ ছাড়া প্রার্থীকে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
আবেদনের যোগ্যতায় আরও বলা হয়, এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি /‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.৫০ এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা ০১ (এক) ভাগ সংরক্ষিত থাকবে; রাঙামাটি মেডিকেল কলেজে শতকরা ২৫ (পঁচিশ) ভাগ আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল /সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এইচএসসি /‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০ এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ১০০ টি প্রশ্নের (এইচএসসি সিলেবাস অনুযায়ী) প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে, জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন-১৫। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা ১৫ (পনের) মিনিট এবং পাশ নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোন শিক্ষার্থী দেশে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে:
(ক) এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ০৮ গুণ= ৪০ নম্বর (সর্বোচ্চ)
(খ) এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ= ৬০ নম্বর (সর্বোচ্চ)
লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৬-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।