সাক্ষাৎকার
মেডিকেল ভর্তি পরীক্ষা

‘নিজের সাথে লড়াই করে টিকে থাকাই ভর্তি প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ 

ছবি

ছবি © টিডিসি সম্পাদিত

‘নিজের সাথে লড়াই করে টিকে থাকাই ভর্তি প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ 
সাক্ষাৎকার নিয়েছেন মো. জাহিদুল হক
আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ PM

মেডিকেল ভর্তি পরীক্ষা দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং পরীক্ষাগুলোর একটি। প্রতিবছর হাজার হাজার স্বপ্নবাজ শিক্ষার্থী সাদা অ্যাপ্রোন গায়ে জড়িয়ে মানবসেবায় যুক্ত হওয়ার প্রত্যয়ে এই যুদ্ধে অংশ নেন। তবে বিশাল সিলেবাস, তীব্র প্রতিযোগিতা এবং মানসিক চাপের মাঝে সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন ও বাস্তবসম্মত দিকনির্দেশনা না থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। নতুন প্রজন্মের ভর্তিচ্ছুদের পথচলা আরও সহজ ও সুসংগঠিত করতে নিজের প্রস্তুতির গল্প, বিষয়ভিত্তিক কৌশল, চ্যালেঞ্জ মোকাবিলা এবং শেষ সময়ের করণীয় নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা ও পরামর্শ দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে শেয়ার করেছেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান।

আপনার মেডিকেলে পড়াশুনার অনুপ্রেরণার কোথা থেকে?

আসলে ছোটবেলায় ডাক্তার হবো এরকম কোনো দৃঢ় সংকল্প ছিল না, কিন্তু সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়াকালীন বিজ্ঞান বই ভালো লাগত। সেখান থেকেই মূলত বিজ্ঞান নিয়ে পড়াশোনার একটা ইচ্ছা জাগ্রত হয়। পরবর্তীতে নবম-দশম শ্রেণিতে উঠে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। বিশেষ করে আমার বাবা আমাকে অনেক উৎসাহ দিতেন এবং তিনি খুব করে চাইতেন যে, আমি যেন মেডিকেল সেক্টরে আসি। এভাবেই ধীরে ধীরে মেডিকেলের জন্য একটা ভালোবাসা-প্যাশন তৈরি হয় এবং পরবর্তীতে এদিকে আসা।

প্রস্তুতির শুরুর গল্পটা কেমন ছিল?

প্রস্তুতি বলতে—আমি ইন্টারমিডিয়েট চলাকালীন মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়ে একটু একটু করে ধারণা নেওয়ার চেষ্টা করতাম। তখন মেডিকেলে ভর্তি প্রস্তুতির জন্য কিছু সহায়ক বই কিনে অবসর সময়ে সেগুলো দেখতাম। আমাদের সময়ে করোনার কারণে একটি লম্বা বন্ধ ছিল, ওই সময়টায় আমি বাসায় অনেকটা ফ্রি বসেছিলাম। তখন অনলাইনে একটি প্রি-মেডিকেল ভর্তি প্রস্তুতি কোর্সে যুক্ত হয়েছিলাম। সেখান থেকেই মূলত এইচএসসি চলাকালীন আমার প্রস্তুতির একটি বড় অংশ তৈরি হয়ে গিয়েছিল।

প্রস্তুতি শুরু করার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি?

আমার মতে, প্রস্তুতির সবচেয়ে ভালো সময় হলো একাদশ শ্রেণির শুরু থেকেই। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস মূলত এইচএসসির পাঠ্যবইভিত্তিক; একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াটাই এর মূল ভিত্তি। বিশেষ করে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের বেসিক যদি ভালো থাকে, তবে তা অ্যাডমিশনে যথেষ্ট সহায়ক হয়। পাশাপাশি ইন্টারমিডিয়েট থেকেই যদি মেডিকেলের প্রশ্নব্যাংক একটু ঘেঁটে দেখার সুযোগ হয়, তাহলে তা প্রস্তুতিতে আরও একটু এগিয়ে রাখবে। যেহেতু এখন তীব্র প্রতিযোগিতার সময়, তাই যারা একটু আগে থেকেই এ বিষয়ে ধারণা রাখে তারা বাকিদের তুলনায় নিঃসন্দেহে এগিয়ে থাকবে। তবে অবশ্যই সবার আগে ইন্টারমিডিয়েটের মূল পাঠ্যক্রমকেই ফোকাসে রাখতে হবে। মূল পাঠ্যক্রম বাদ দিয়ে শুধু মেডিকেলের চিন্তাভাবনা নিয়ে দৌড়ালে পরবর্তীতে এইচএসসির রেজাল্ট খারাপ হতে পারে।

ভর্তি পরীক্ষায় ভালো করতে কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত?

আসলে এখানে এত বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় যে, কোনো বিষয়কেই খাটো করে দেখার সুযোগ নেই। তবুও যদি নির্দিষ্ট করে বলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই জীববিজ্ঞান বইটি খুব ভালো করে পড়া উচিত। জীববিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র—এই দুটো থেকে ৩০ নম্বর আসে। দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীই জীববিজ্ঞান খুব ভালো পারে; তাই কারও যদি এই বিষয়ে একটু ঘাটতি থাকে, তবে সে অন্যদের তুলনায় অবশ্যই পিছিয়ে যাবে। এজন্য জীববিজ্ঞানে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। পাশাপাশি রসায়ন ও পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক (থিওরিটিক্যাল) বিভিন্ন বিষয়ে ভালো ধারণা রাখা জরুরি। যেহেতু মেডিকেলে জটিল গাণিতিক সমস্যা (ম্যাথ) আসে না, আসলেও খুবই সহজ ম্যাথ দেওয়া হয়, তাই এই বিষয়গুলোর থিওরিটিক্যাল জ্ঞান ভালো থাকলে তা ভর্তি প্রস্তুতিতে এগিয়ে রাখবে। আর ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই, নিয়মিত অনুশীলনই এগুলো সহজ করে তোলে।

এডমিশন পিরিয়ডে দৈনিক কত ঘণ্টা করে পড়তেন?

আসলে আমি ওভাবে কোনো ধরাবাঁধা রুটিন করে তেমন একটা পড়িনি। অ্যাডমিশন সময়টাতে আমি যতটা সম্ভব কার্যকরভাবে (এফেক্টিভলি) সময় কাজে লাগানোর চেষ্টা করতাম। ঘুম, নামাজ এবং গোসল—এগুলো বাদে বাকি সময়টা যতটা সম্ভব পড়ার চেষ্টা করতাম। এমনও অনেক দিন গেছে যখন গড়ে ১৫-১৬ ঘণ্টা পড়েছি, আবার অনেক সময় তুলনামূলক কমও পড়া হয়েছে। তবে পরীক্ষা যত ঘনিয়ে এসেছে, পড়ার পরিমাণ তত বেড়েছে। আমার মনে হয়, নিজের মতো করে দৈনিক একটি রুটিন বানিয়ে অথবা যখন যে বিষয়ে প্রস্তুতি বেশি দরকার সে অনুযায়ী পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

ভর্তি প্রস্তুতির এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?

চ্যালেঞ্জ বলতে গেলে, এই সময়টায় নিজের সাথে লড়াই করে টিকে থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। বিশেষ করে সবসময় দুশ্চিন্তা হতো যে, এত বড় প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় লড়াই করে একটি মেডিকেল কলেজে চান্স পাওয়া আসলেই কঠিন কাজ—আমি সেটা পারব কি না, তা নিয়ে একটা মানসিক চাপ ও দুশ্চিন্তা কাজ করত। পাশাপাশি বিশাল সিলেবাস, পড়ার পর অনেক কিছু ভুলে যাওয়া এবং বিরতিহীনভাবে দিনের পর দিন একই পড়া চালিয়ে যাওয়াটাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সার্বিকভাবে আমার মনে হয়, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব। যখন মনে হতো যে, কিছুদিন পরই হয়তো আমি একটি মেডিকেলে চান্স পেতে যাচ্ছি—সেই মধুর কল্পনা যখন মাথায় আসত, তখন বুকে বল পেতাম। পাশাপাশি বাবা-মা ও আত্মীয়স্বজনের অনুপ্রেরণা আমাকে এই চ্যালেঞ্জগুলো উতরাতে অনেক সহায়তা করেছে।

মেধাতালিকায় শীর্ষে থাকতে চাইলে কী কৌশল অবলম্বন করা উচিত?

যারা শীর্ষে থাকতে চায়, তাদের প্রস্তুতি অবশ্যই একটু বিশেষ হতে হবে। বিশেষ করে মূল তিনটি বিষয় কয়েকবার রিভিশন দেওয়া এবং অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করা থাকতে হবে। ইংরেজি এবং সাধারণ জ্ঞান (জিকে)—এই দুটি বিষয়ে সবাই কমবেশি ভুল করে। সুতরাং এখানে যারা একটু ভালো নম্বর পাবে, তারা অবশ্যই অন্যদের তুলনায় এগিয়ে থাকবে। এজন্য মূল বিষয়গুলোর পাশাপাশি এই দুটি বিষয়েও ভালো নজর দেওয়া উচিত। এ ছাড়া যতটা সম্ভব বেশি বেশি অনুশীলন (প্র্যাকটিস) করতে হবে; কারণ যত বেশি অনুশীলন করা যাবে, নিজের ভুল এবং দুর্বল দিকগুলো (উইক পয়েন্ট) খুঁজে বের করা তত সহজ হবে। এজন্য বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আরেকটি বিষয় হলো—পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে অনুমানে না দাগিয়ে যতটা সম্ভব কৌশলগতভাবে (টেকনিক্যালি) উত্তর করার চেষ্টা করতে হবে।

যাদের প্রস্তুতি এখনো সেভাবে গুছিয়ে ওঠেনি, শেষ সময়ে তাদের জন্য আপনার পরামর্শ কী?

যাদের প্রস্তুতি এখনো সেভাবে গুছিয়ে ওঠেনি, তাদের জন্য পরামর্শ হলো—হতাশ হওয়া যাবে না। এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায়গুলো আগে চিহ্নিত করতে হবে এবং বিগত বছরগুলোতে যেসব অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, সেগুলোকে টার্গেট করে পড়তে হবে। প্রতিদিন নির্দিষ্ট কিছু অংশ পড়ার লক্ষ্য (টার্গেট) ঠিক করতে হবে এবং সে অনুযায়ী তা পূরণ করতে হবে। পাশাপাশি বেশি বেশি পরীক্ষা দিতে হবে; পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা যাবে। আর অবশ্যই সময় নষ্ট করা যাবে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা কমিয়ে আনতে হবে। শেষ সময়ে কম সময়ের মধ্যে সবকিছু পড়া সম্ভব নয়, তাই বুদ্ধিমানের মতো অগ্রাধিকার ঠিক করে প্রস্তুতি নিতে হবে।

মেডিকেল ভর্তি প্রস্তুতিতে কোচিংয়ের প্রয়োজনীয়তা কতটুকু বলে মনে করেন?

ভর্তি প্রস্তুতি কোচিং ছাড়া হয় না—বিষয়টি এমন নয়, আবার কোচিংয়ের প্রয়োজনও আছে। বিশেষ করে সঠিক দিকনির্দেশনা (গাইডলাইন) দেওয়া এবং নিয়মিত পর্যবেক্ষণ (মনিটরিং) করা—এই কাজগুলো কোচিং সেন্টারগুলো ভালোভাবেই করে থাকে। তাছাড়া কোচিংগুলোতে সাধারণত বিভিন্ন মেডিকেল কলেজে বর্তমানে অধ্যয়নরত সিনিয়ররা গাইডলাইন দিয়ে থাকেন। ফলে তারা তাদের অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো শেয়ার করেন, তা ভর্তি প্রস্তুতিতে অনেক সহায়ক হয়। পাশাপাশি কোচিংয়ে নিয়মিত পরীক্ষা হয়; এসব পরীক্ষায় অংশ নিলে নিজের প্রস্তুতি কেমন হচ্ছে, সে বিষয়ে একটি সার্বিক মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) করা যায়। তাই সম্ভব হলে কোচিং করতে পারলে ভালো, তবে কোচিং না করেও যদি বাসায় খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, সেক্ষেত্রে সেটিও ভর্তি প্রস্তুতির জন্য যথেষ্ট।

কোচিং ও নিজের পড়াশোনার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা উচিত?

আমার পরামর্শ হলো—কোচিংকে দিকনির্দেশনা হিসেবে নেওয়া এবং নিজের পড়াশোনাকে মূল কাজ হিসেবে ধরা। কোচিংয়ে যা পড়ানো হয়, তা সেদিনই বাসায় এসে রিভিশন দিতে হবে। ক্লাসে কোনো পড়া বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে হবে এবং উত্তর নোট করে রাখতে হবে। কোচিংয়ের শিট বা লেকচারের সাথে মূল বই মিলিয়ে পড়তে হবে। সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ নিজের মতো করে পুরো সপ্তাহের পড়ার রিভিশন রাখা উচিত। আর অবশ্যই কোচিংয়ে যাতায়াত ও অপ্রয়োজনীয় সময় ব্যয় কমিয়ে নিজের পড়াশোনার জন্য সময় বাঁচাতে হবে।

বিগত বছরের প্রশ্নব্যাংক সমাধানের সঠিক নিয়ম কী?

প্রশ্নব্যাংক অনুশীলনের ক্ষেত্রে আগে অবশ্যই মূল বই পড়া থাকতে হবে। মূল বই পড়া শেষ হলে প্রশ্নব্যাংক থেকে অনুশীলন করা যেতে পারে এবং যেকোনো প্রশ্নের উত্তর আগে নিজে বের করার চেষ্টা করতে হবে। একান্তই না পারলে তখন উত্তর দেখতে হবে। আর হ্যাঁ, শুধুমাত্র সঠিক উত্তরটি নয়, একটি প্রশ্নের যে চারটি অপশন থাকে, তার সবকটিই বিশ্লেষণ করে দেখতে হবে যে—কেন একটি উত্তর সঠিক হলো এবং বাকিগুলো কেন ভুল হলো। পাশাপাশি কোনো প্রশ্ন বিশ্লেষণের সময় সেটি মূল বইয়ের যে টপিক থেকে এসেছে, বই খুলে সেই টপিকটি আরেকবার দেখে নিলে তা আরও বেশি কার্যকর হয়। এ ছাড়া বিগত ১০-১৫ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বারবার অনুশীলন করা থাকতে হবে; কারণ বিভিন্ন বছর এই পুরনো প্রশ্ন থেকে পুনরাবৃত্তি (রিপিট) হয়। পাশাপাশি পুরনো প্রশ্ন বিশ্লেষণ করলে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়। তাই পূর্ণ সচেতনতার সাথেই প্রশ্নব্যাংক সমাধান করতে হবে।

চূড়ান্ত পরীক্ষার আগে মডেল টেস্ট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ?

পরীক্ষার আগে মডেল টেস্ট দেওয়া একটি অত্যাবশ্যকীয় কাজ। কারণ এটি মূল পরীক্ষার পরিবেশ ও পরিস্থিতি কেমন হবে, এবং সেই সময়ে কীভাবে নতুন পরিস্থিতিতে প্রশ্ন সমাধান করতে হবে—সে বিষয়ে একটি অভ্যাস তৈরি করতে সহায়তা করে। মডেল টেস্টের মাধ্যমে সময় ব্যবস্থাপনার (টাইম ম্যানেজমেন্ট) ভালো অনুশীলন হয়। কোন প্রশ্নে কতটুকু সময় দিতে হবে বা কোন প্রশ্নগুলো আগে সমাধান করে কোনটি পরে করতে হবে, তা বারবার মডেল টেস্ট দেওয়ার মাধ্যমেই শেখা যায়। আরেকটি বিষয় হলো নিজের ভুলগুলো ধরতে পারা; যত বেশি মডেল টেস্ট দেওয়া যাবে, তত বেশি নিজের দুর্বলতা, অন্যদের তুলনায় নিজের অবস্থান কিংবা কোন বিষয়ে দক্ষতা কেমন—তা বোঝা যায়। পাশাপাশি নিয়মিত পরীক্ষা দিলে আত্মবিশ্বাস বাড়ে এবং পরীক্ষা ভীতিও কমে আসে।

ডিআইইউতে দুই দিনব্যাপী চাকরি মেলা, দেড় হাজার চাকরির সুযোগ
  • ২৮ নভেম্বর ২০২৬
‘নিজের সাথে লড়াই করে টিকে থাকাই ভর্তি প্রস্তুতির সবচেয়ে ব…
  • ২৮ নভেম্বর ২০২৬
‘মা-বাবা ছাড়া ওর দেখার কেউ নেই’ বলা যুব মহিলা লীগ নেত্রীর স…
  • ২৮ নভেম্বর ২০২৬
৮ বছর পর বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চলছে ভোটগ্রহণ
  • ২৮ নভেম্বর ২০২৬
শিডিউল মেসেজের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, চালু করবেন যেভাবে
  • ২৮ নভেম্বর ২০২৬
জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
  • ২৮ নভেম্বর ২০২৬