ফিতা কেটে চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির © সংগৃহীত
চাকরিপ্রার্থীদের জন্য প্রায় দেড় হাজার চাকরির সুযোগ নিয়ে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ডিআইইউ জব উৎসব ২০২৬’। এতে মেঘনা গ্রুপসহ দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য রয়েছে ইন্টার্নশিপের সুযোগ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাভারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ জব উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও ৩২টি বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন খাতের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
মেলা ঘুরে দেখা যায়, চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার পাশাপাশি সরাসরি সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন তারা। এছাড়া সিভি সংশোধন ও পর্যালোচনা, ক্যারিয়ার গ্রুমিং সেশন, কনফিডেন্স টেস্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের (এইচআর) কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
আয়োজকরা জানান, শুধু অভিজ্ঞ চাকরিপ্রার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পদে জনবল নিয়োগের পাশাপাশি ইন্টার্নশিপের জন্যও প্রার্থী বাছাই করছে।