প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত

২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ PM
প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট

প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট © সংগৃহীত

প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা প্রদর্শনের লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিচর্চা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রথম দিন ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় গেমিং কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, ট্রেজার হান্ট, এক মিনিটের টেক ভিডিও প্রতিযোগিতা, ব্লিটজ কোডিং চ্যালেঞ্জ ও ফটোগ্রাফি কনটেস্ট। দ্বিতীয় দিন ২৬ নভেম্বর আয়োজন করা হয় প্রজেক্ট শোকেসিং ও প্রোগ্রামিং কনটেস্টের।

উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৩৩) সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার (উর্মি)। এ সময় তিনি বলেন, এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীল ভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু করার প্রয়াস পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। এছাড়া প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মামুন সোবহান ও ফিরোজ মাহমুদ হোসাইন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. আবদুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমিত সাহা। এতে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

এ সময় বক্তারা বলেন, বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, উদ্ভাবনী চিন্তা, দলগত কাজ এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, সিএসই ফেস্টের মতো আয়োজন শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা যাচাই, নতুন ধারণা বিনিময় এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর সুযোগ তৈরি করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন কিছু উদ্ভাবন ও বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও আত্মবিশ্বাসী প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠতেও এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষকদের পাশে থাকতে হবে, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে
  • ২৬ নভেম্বর ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত
  • ২৬ নভেম্বর ২০২৬
চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
  • ২৬ নভেম্বর ২০২৬
চলন্ত মোটরসাইকেলে বসেই অবিশ্বাস্য ক্যাচ, পুরস্কার পেলেন সেই…
  • ২৬ নভেম্বর ২০২৬