শিডিউল মেসেজের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, চালু করবেন যেভাবে

২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ PM
হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ করার উপায়

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ করার উপায় © সংগৃহীত

ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত শিডিউলড মেসেজ বা নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আগেই বার্তা লিখে রেখে নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রেও সুবিধাটি ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হতে পারে। ফিচারটি চালু হলে ব্যক্তিগত আলাপের পাশাপাশি গ্রুপ চ্যাটেও নির্ধারিত সময়ে বার্তা পাঠানো যাবে।

নতুন সুবিধায় ব্যবহারকারীরা বার্তা পাঠানোর সময় ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ, কাউকে কোনো নির্দিষ্ট সময়ে বার্তা পাঠাতে চাইলে আগে থেকেই সেটি লিখে সময় ঠিক করে রাখা যাবে। নির্ধারিত সময় হলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বার্তাটি পাঠিয়ে দেবে।

যেভাবে চালু করবেন শিডিউলড মেসেজ

অ্যাকাউন্টে ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীরা সহজেই এটি ব্যবহার করতে পারবেন। এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলে যে বার্তাটি পাঠাতে চান, সেটি লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলে বার্তা পাঠানোর সময় নির্ধারণের অপশন দেখা যাবে।

সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে বার্তাটি শিডিউল করা যাবে। নির্ধারিত সময় না আসা পর্যন্ত বার্তাটি পাঠানো হবে না। সময় হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।

এ ক্ষেত্রে প্রাপক বুঝতে পারবেন না যে বার্তাটি আগে থেকে শিডিউল করে রাখা হয়েছিল। কারণ, তার কাছে এটি হোয়াটসঅ্যাপের অন্য সাধারণ বার্তার মতোই দেখাবে।

যেসব কাজে সুবিধাটি ব্যবহার করা যাবে

বিভিন্ন প্রয়োজনীয় সময়ে বার্তা পাঠানোর ক্ষেত্রে ফিচারটি কাজে আসবে। যেমন—কোনো বন্ধুর পরীক্ষা বা চাকরির সাক্ষাৎকারের আগে তাকে শুভকামনা জানাতে চাইলে আগেই বার্তা লিখে নির্দিষ্ট সময় ঠিক করে রাখা যাবে। একইভাবে, প্রিয়জনের জন্মদিনে ঠিক মধ্যরাতে শুভেচ্ছা জানাতে চাইলে আগে থেকেই বার্তা শিডিউল করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপও এ ধরনের কয়েকটি ব্যবহারিক উদাহরণ তুলে ধরেছে। বিশেষ করে প্রাপকের দেশে মধ্যরাত হওয়ার সঙ্গে সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দেওয়া কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার আগে কাউকে শুভকামনা জানানোর ক্ষেত্রে ফিচারটি সহায়ক হতে পারে।

শুধু বার্তা পাঠানোর সময় নির্ধারণ করেই কাজ শেষ হবে না। ভবিষ্যতে পাঠানোর জন্য শিডিউল করে রাখা সব বার্তা ব্যবহারকারীরা দেখতে পারবেন। কোনো কারণে মত পরিবর্তন হলে নির্ধারিত সময়ের আগেই সেগুলো মুছে ফেলার সুযোগও থাকবে।

বার্তার নিরাপত্তা যেভাবে নিশ্চিত হবে

নতুন সুবিধায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্যান্য ব্যক্তিগত বার্তার মতো শিডিউলড মেসেজও ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। ফলে কেবল বার্তা প্রেরক এবং নির্ধারিত প্রাপক বা প্রাপকরাই সেগুলো পড়তে পারবেন।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের সহযোগী অ্যাপ ইনস্টাগ্রামে ২০২৪ সাল থেকেই শিডিউলড মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে। এবার হোয়াটসঅ্যাপেও একই ধরনের সুবিধা যুক্ত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা এ ফিচারের অপেক্ষায় থাকলেও এত দিন অ্যাপটিতে সরাসরি নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর ব্যবস্থা ছিল না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই আগাম বার্তা পাঠানোর সুবিধা পাবেন।

‘আমাকে ছাড়া ও বাঁচবে না’ বলা যুব মহিলা লীগ নেত্রীর সেই ছেলে…
  • ২৮ নভেম্বর ২০২৬
৮ বছর পর বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চলছে ভোটগ্রহণ
  • ২৮ নভেম্বর ২০২৬
শিডিউল মেসেজের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, চালু করবেন যেভাবে
  • ২৮ নভেম্বর ২০২৬
জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
  • ২৮ নভেম্বর ২০২৬
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের রাজপথে আসতে হবে না, আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি
  • ২৮ নভেম্বর ২০২৬