সাক্ষাৎকার

‘পড়তে হবে, চান্স পেতেই হবে’—এমন জেদ থেকেই ঢাবিতে মৌমিতা

মারজুমা আক্তার মৌমিতা

মারজুমা আক্তার মৌমিতা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১০৬তম স্থান অর্জন করে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন মারজুমা আক্তার মৌমিতা। গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসে...
সাক্ষাৎকার নিয়েছেন আমান উল্যাহ আলভী
আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১০৬তম স্থান অর্জন করে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন মারজুমা আক্তার মৌমিতা। গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসে রাজধানীর ফার্মগেটে নতুন জীবন ও পড়াশোনার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার কৌশল, প্রতিকূলতা মোকাবিলা এবং কাঙ্ক্ষিত ফল অর্জনের পেছনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির শুরু থেকে পরীক্ষার আগমুহূর্ত পর্যন্ত করণীয়, সময় ব্যবস্থাপনা এবং শেষ সময়ে কীভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে, সে বিষয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপচারিতায়।

আপনার ভর্তি প্রস্তুতির যাত্রা কীভাবে শুরু হয়েছিল?
আমার অ্যাডমিশন জার্নি মূলত শুরু হয়েছিল ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। তখন একটি প্রি-অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, যদিও একাডেমিক প্রেশারের কারণে সেটি কন্টিনিউ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে কলেজ শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা জানান, অ্যাডমিশনের জন্য যে সময় দেওয়া হয়, প্রস্তুতির জন্য সেটাই যথেষ্ট। শিক্ষকদের পরামর্শে কোচিং চালিয়ে না গিয়ে একাডেমিক পড়াশোনায় বেশি ফোকাস করি। এতে অ্যাডমিশন জার্নিতে মৌলিক জিকের ওপর আমার ভালো দখল তৈরি হয়।

এইচএসসির পর মূল প্রস্তুতি এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?
এইচএসসি পরীক্ষার পর ঢাকার ফার্মগেটের একটি কোচিংয়ে ভর্তি হয়ে মূল প্রস্তুতি শুরু করি। গ্রাম থেকে দূরবর্তী একটি এলাকা থেকে ফার্মগেটের মতো জায়গায় এসে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। মাঝেমধ্যে ডিমোটিভেটেড লাগত। তখন কোচিংয়ের সহপাঠীদের দিকে তাকাতাম যারা আরও প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চল থেকে এসেছে। মনে হতো, তারা পারলে আমি কেন পারব না?

আরও পড়ুন: পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই

দৈনিক পড়াশোনার রুটিন ও লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিয়েছিলেন?
অ্যাডমিশনের সময় খুব সকালে ঘুম থেকে উঠতাম এবং প্রায় সারা দিন পড়াশোনার মধ্যেই থাকতাম। মাথায় একটাই চিন্তা ছিল পড়তে হবে এবং চান্স পেতেই হবে। লিখিত পরীক্ষার জন্য বাংলা অংশে এইচএসসির সৃজনশীল প্রশ্নের ‘খ’ (অনুধাবনমূলক) অংশের মতো করে প্রতিটি অধ্যায়, গল্প ও কবিতা থেকে অনেক প্রশ্ন সমাধান করেছি। আর ইংরেজি লিখিত অংশের জন্য এইচএসসি টেক্সটবুকের সব ইউনিট ভালোভাবে পড়েছি, ভোকাবুলারির সিনোনিম-অ্যান্টোনিম দেখেছি, গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে সেন্টেন্স মেকিং করেছি এবং ইউনিটভিত্তিক গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পড়েছি। এই কৌশলগুলো লিখিত অংশে ভালো নম্বর পেতে সহায়তা করেছে।

পরিবারের একমাত্র ঢাবিয়ান হিসেবে কেমন অনুভূতি হয়?
আমি আমার পরিবারের একমাত্র ঢাবিয়ান। অন্য কেউ যখন বাবা-মাকে জিজ্ঞেস করেন, মেয়ে কোথায় পড়ে, তখন তারা গর্বের সঙ্গে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। পরিচিত এক আঙ্কেল একবার বাবাকে বলেছিলেন, মেয়েকে দিয়ে যতদূর পড়াচ্ছেন, ছেলেকে দিয়ে ততদূর করাতে পারেননি। এই বিষয়গুলো আমার কাছে অন্যরকম ভালো লাগা তৈরি করে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কী?
ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে। অনেকেই শেষ দিকে এসে নিজেদের ধরে রাখতে পারেন না এবং হতাশ হয়ে ভাবেন, তাদের দ্বারা সম্ভব নয়। তবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখা এবং কঠোর পরিশ্রম করার কোনো বিকল্প নেই। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচএসসি পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে আমার এ প্লাস আসেনি, আমি ‘এ’ পেয়েছিলাম। কিন্তু সৌভাগ্যবশত এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেই পড়ছি। এটি আমার জীবনের সেরা পাওয়া।

চবির ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে হাসপাতাল, এআই-ড…
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতের দিনে গোসল না করলে শরীরে যে প্রভাব পড়ে
  • ২৮ নভেম্বর ২০২৬
নিজের ছেলের ষড়যন্ত্রে মামলার আসামি হয়েছেন দাবি ফাতেমা বেগমের
  • ২৮ নভেম্বর ২০২৬
‘পড়তে হবে, চান্স পেতেই হবে’—এমন জেদ থেকেই ঢাবিতে মৌমিতা
  • ২৮ নভেম্বর ২০২৬
ডিআইইউতে দুই দিনব্যাপী চাকরি মেলা, দেড় হাজার চাকরির সুযোগ
  • ২৮ নভেম্বর ২০২৬
‘নিজের সাথে লড়াই করে টিকে থাকাই ভর্তি প্রস্তুতির সবচেয়ে ব…
  • ২৮ নভেম্বর ২০২৬