প্রতীকী ছবি © সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এমবিবিএস কোর্সে ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কলেজটির কার্যক্রম শুরু হবে।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপন এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে সেখানে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালার আওতায় একাডেমিক কার্যক্রম শুরুর সম্মতি দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এমবিবিএস কোর্সে ৫০টি আসন অনুমোদন করা হয়েছে।
এর আগে সম্প্রতি সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেয় সরকার। এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মতির মধ্য দিয়ে কলেজটিতে নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর পথ খুলেছে।