মেডিকেল ভর্তি পরীক্ষা
আলফাজ হোসেন © টিসিডি ছবি ও সম্পাদিত
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় অনেক শিক্ষার্থী বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়লেও অনুশীলনীর প্রশ্নগুলোকে অবহেলা করেন। তবে বিগত কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে অনুশীলনী থেকে অনেক প্রশ্ন হুবহু আসার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলফাজ হোসেন। তার মতে, অনুশীলনীর প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে।
আলফাজ বলেন, ভর্তি পরীক্ষার শেষ সময়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বাড়তি তথ্য সংগ্রহে ব্যস্ত থাকে। বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়লেও অনুশীলনীর প্রশ্নগুলোকে অনেক সময় অবহেলা করে। আমার মতে, এটি বড় একটি ভুল। বিগত কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, বোর্ড বইয়ের অনুশীলনী থেকে অনেক প্রশ্ন হুবহু এসেছে। আমার বিশ্লেষণ অনুযায়ী, কোনো কোনো বছর অনুশীলনী থেকে প্রায় ৫০ এর আশেপাশে হুবহু এসেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে মোট ৭০ থেকে ৭৫ নম্বরের প্রশ্ন থাকে। সেখানে অনুশীলনী থেকে গড়ে ৫০টির বেশি প্রশ্ন হুবহু আসার সুযোগ রয়েছে। তাহলে অনুশীলনীকে অবহেলা করার কোনো কারণ নেই। আমি বলব, অনুশীলনীর প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। শুধু একবার পড়লে হবে না, বারবার অনুশীলন করতে হবে। কোনো প্রশ্ন কঠিন মনে হলে সেটি চিহ্নিত করে রাখতে হবে, যাতে পরবর্তী সময়ে আবার পড়া যায়।
অনুশীলনে বিরক্তি এলেও থামা যাবে না
প্রস্তুতিতে বেশি বেশি এমসিকিউ সমাধানের পরামর্শ দিয়ে আলফাজ বলেন, অনুশীলন করতে করতে একটা সময় বিরক্তি চলে আসতে পারে। মনে হতে পারে, একই প্রশ্ন আর কতবার পড়ব! কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না। প্র্যাকটিস করতে করতে মনে ঘৃণা ধরে গেলেও চালিয়ে যেতে হবে।
প্রশ্ন সমাধানের সময় যেগুলো কঠিন মনে হবে, সেগুলো গোল চিহ্ন দিয়ে রাখতে হবে। যেসব প্রশ্ন জীবনে প্রথমবার দেখছ কিংবা আগে কখনো পড়োনি, সেগুলোও আলাদা করে চিহ্নিত করবে। পরবর্তী সময়ে সেগুলো আবার রিভিশন দিতে হবে। তবে যেসব প্রশ্ন সহজ, সেগুলো আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন নেই।
আলফাজের পরামর্শ
যারা মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের বলব, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হলে পড়াশোনা করতে হবে। অনেকের পরিস্থিতি হয়তো আমার মতো কঠিন নয়, আবার অনেকের পরিস্থিতি আমার চেয়েও কঠিন। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, চেষ্টা থামানো যাবে না।