শেষ সময়ের ভর্তি প্রস্তুতি © সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন লাখো শিক্ষার্থী। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কেউ কোচিং, কেউ নিজ উদ্যোগে আবার কেউ অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেকে তৈরি করছেন। তবে পরীক্ষার সময় যত কাছে আসে, ভর্তিচ্ছুদের মধ্যে ততই দুশ্চিন্তা বাড়তে থাকে। প্রস্তুতি ভালো থাকলেও বিপুল প্রতিযোগিতার কারণে অনেকে হতাশ হয়ে পড়েন। এছাড়া শেষ মুহূর্তে কোন বিষয় পড়বেন, কীভাবে প্রস্তুতিটা আরও ভালো কিংবা পরীক্ষার হলে কীভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করবেন এসব নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, শেখার কৌশল নিয়ে বিভিন্ন গবেষণা এবং ভর্তি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের অভিজ্ঞতায় দেখা যায়, পরীক্ষার আগের সময়ে এসে বেশি পড়াশোনা করার চেয়ে সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া, নিজের দুর্বলতা বের করে তা বারবার রিভিশন দিয়ে সমাধান করা বেশি জরুরি।
১. নতুন বিষয় শেখার চেয়ে পুরোনো পড়া ঝালাই করা
পরীক্ষার আগের কয়েক দিনে অনেক শিক্ষার্থী নতুন নতুন বই, নোট কিংবা সাজেশন সংগ্রহ করতে শুরু করেন। এতে আগে পড়া বিষয়গুলোও অনেকে গুলিয়ে ফেলেন। অনেক চাপ পড়ার কারণে পরীক্ষায় জানা বিষয়েও অনেক শিক্ষার্থী ভুল করেন। অধিক প্রতিযোগিতা থাকায় ছোট ভুলও চান্স পাওয়ার পথে বাঁধা হয়ে যায়। তাই এ সময়ে নতুন তথ্যের পেছনে না ছুটে আগে পড়া গুরুত্বপূর্ণ অধ্যায়, সূত্র, সংজ্ঞা, সাল-তারিখ ও প্রয়োজনীয় তথ্যগুলো পুনরায় রিভিশন দিতে হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হওয়া রুফাইদা নূরের মতে, তিনি পরীক্ষার আগের কয়েক দিন দৈনিক ৭-৮ ঘণ্টার মতো পড়েছেন। তবে শেষ সময়ে নতুন বিষয় শেখার পরিবর্তে মূলত মুখস্থ অংশগুলো পুনরালোচনা করেছেন। কারণ তার বেসিক আগে থেকেই ভালোভাবে আয়ত্তে ছিল। তার এই অভিজ্ঞতা থেকে একটি বিষয় মাথায় রাখা যেতে পারে যে শেষ সময়ে নিজের প্রস্তুতির অবস্থা বুঝে নতুন বিষয় পড়ার চেয়ে আগে শেখা বিষয়গুলো ঝালাই করায় বেশি গুরুত্ব দেওয়া উচিত।
২. পড়ার পাশাপাশি নিজেকে যাচাই করা প্রয়োজন
একই বিষয় বারবার পড়লে সেটি জানা আছে বলে মনে হতে পারে। কিন্তু বই বন্ধ করে নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করলে বোঝা যায়, বিষয়টি আসলে কতটা মনে আছে। এ জন্য বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন, মডেল টেস্ট কিংবা অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন সমাধান করতে পারেন।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির লার্নিং স্ট্র্যাটেজিস সেন্টার এই পদ্ধতিকে ‘রিকল প্র্যাকটিস’ বা স্মৃতি থেকে তথ্য মনে করার অনুশীলন হিসেবে উল্লেখ করেছে। তাদের পরামর্শ, শুধু নোট পড়ার পরিবর্তে বই বন্ধ করে শেখা বিষয়গুলো মনে করার চেষ্টা করতে হবে। এতে নিজের দুর্বলতা শনাক্ত করাও সহজ হয়।
৩. বিগত বছরের প্রশ্ন সমাধান জরুরি
বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন ও বিষয়ভিত্তিক গুরুত্ব আলাদা হতে পারে। তাই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন, সেই বিশ্ববিদ্যালয়ের আগের বছরের সা প্রশ্নগুলো সমাধান করা বুদ্ধমানের কাজ। শুধু যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন সেটা নয়; অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও প্রশ্ন দেখা প্রয়োজন। কেননা এক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেকসময় রিপিট হয়। এছাড়া প্রশ্ন সমাধান করলে অভিজ্ঞতা হয়, যেটা পরীক্ষার হলে কাজে লাগে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করা জুয়াইরাহ পারভীন জুহির মতে, প্রস্তুতির শুরুতেই তিনি প্রশ্নব্যাংক নিয়ে পড়া শুরু করেন। এরপর নির্দিষ্ট বিষয় নির্বাচন করে বিভিন্ন বই থেকে সংশ্লিষ্ট বিষয়গুলো পড়েছেন। প্রশ্নব্যাংক শুধু প্রশ্ন অনুশীলনের জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন ও প্রস্তুতির দিকনির্দেশনা হিসেবেও কাজে লাগতে পারে। তবে শুধু বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে প্রস্তুতি নেওয়া ঠিক হবে না। কারণ আগের প্রশ্নের পুনরাবৃত্তি হবেই, এমন নিশ্চয়তা নেই। বরং প্রশ্নের ধরন বুঝে সংশ্লিষ্ট অধ্যায়ের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
৪. ভুল খুঁজে বের করা এবং সমাধান করা
মডেল টেস্ট কিংবা প্রশ্ন সমাধানের সময় যেসব প্রশ্নের উত্তর ভুল হচ্ছে, সেগুলো আলাদা করে লিখে রাখুন। পাশাপাশি ভুলের কারণও চিহ্নিত করুন। কোনো প্রশ্ন না জানার কারণে ভুল হয়েছে, নাকি অসাবধানতা কিংবা প্রশ্ন ভালোভাবে না পড়ার কারণে তা বুঝতে হবে। পরীক্ষার আগের দিন নতুন করে অনেক প্রশ্ন সমাধানের পরিবর্তে এই ভুলের খাতাটি একবার দেখে নেওয়া যেতে পারে। এতে নিজের দুর্বল জায়গাগুলো দ্রুত ঝালাই করা সম্ভব হবে।
৫. সময় ধরে মডেল টেস্ট দিতে হবে
শুধু প্রশ্নের উত্তর জানা থাকলেই ভর্তি পরীক্ষায় ভালো করা যায় না। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে উত্তর দেওয়ার দক্ষতাও প্রয়োজন। তাই পরীক্ষার সম্ভাব্য সময় ও প্রশ্নের ধরন অনুযায়ী ঘড়ি ধরে মডেল টেস্ট দিন। কোচিং এ ভর্তি থাকলে সেখানে পরীক্ষা দেওয়া কিংবা অনলাইলে বিভিন্ন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিতে হবে। এটা শেষ সময়ের প্রস্তুতিতে কাজে দেয়। আর মডেল টেস্ট শেষে শুধু কত নম্বর পেলেন, তা দেখলেই হবে না। কোন অংশে বেশি সময় লেগেছে, কোথায় ভুল হয়েছে এবং কোন বিষয়ে আরও অনুশীলন প্রয়োজন সেগুলোও দেখতে হবে এবং সমাধান করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাধিক ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া আমিনা বুশরার মতে, তিনি পরীক্ষার হলে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের জন্য আলাদা সময় ভাগ করে উত্তর দিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার জন্যও বেশি অনুশীলনের পরামর্শ দিয়েছেন এই শিক্ষার্থী। তাই পরীক্ষার আগেই মডেল টেস্টের মাধ্যমে কোন অংশে কত সময় ব্যয় করবেন, তা অনুশীলন করে নেওয়া যেতে পারে।
৬. যে বিষয়ে দুর্বল, সেটিকে অগ্রাধিকার দিতে হবে
শেষ সময়ে সব বিষয় সমানভাবে পড়তে গিয়ে অনেকেই গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট সময় দিতে পারেন না। তাই নিজের প্রস্তুতি যাচাই করে যে বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তবে একটি বিষয় নিয়ে এত বেশি সময় ব্যয় করা যাবে না, যাতে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো একেবারেই বাদ পড়ে যায়। এ ক্ষেত্রে প্রতিদিনের পড়াশোনার জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। এলোমেলোভাবে না পড়ে নির্দিষ্ট বিষয় নির্বাচন করে সেগুলো আয়ত্ত করার পরামর্শ দিয়েছেন ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী।
৭.ঘুমটাও ঠিক রাখতে হবে
ভর্তি পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী রাত জেগে পড়াশোনা করেন। তাদের ধারণা, যত বেশি সময় পড়বেন, প্রস্তুতি তত ভালো হবে। কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ, স্মৃতি থেকে তথ্য মনে করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। দৈনিক অন্তত ৭ ঘণ্টা ঘুম প্রয়োজন। কর্নেল ইউনিভার্সিটির লার্নিং স্ট্র্যাটেজিস সেন্টারও কার্যকর পড়াশোনার কৌশল হিসেবে পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিট থেকে ১৫৩তম স্থান অধিকার করা আলফি শাহরিন বলেন, পড়ার কোনো বিকল্প নেই। সফলতা শর্টকাটে আসে না। পড়তে বসলে ঘুম এলেও সমস্যা নেই। কিন্তু স্বপ্নকে স্পর্শ করতে চাইলে পড়তে বসে ঘুম আসবে না। প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। পাশাপাশি কনসিস্টেন্সি ধরে রেখে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে হবে। সবচেয়ে বড় কথা, ভুলে গেলে হতাশ হওয়া যাবে না। আবার পড়তে হবে। পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা পড়তে তোমাকে হবেই। নিয়মিত চেষ্টা করলে ইনশাআল্লাহ, স্বপ্ন একদিন হাতের মুঠোয় চলে আসবে।
৮. পরীক্ষার আগের দিন নতুন বই বা সাজেশনের পেছনে ছোটা যাবে না
পরীক্ষার আগের দিন নতুন কোনো বই, নোট কিংবা অপরিচিত সাজেশন নিয়ে বসা থেকে বিরত থাকুন। এতে অল্প সময়ে অনেক তথ্য মাথায় ঢোকানোর চেষ্টা করতে গিয়ে আগে শেখা বিষয় নিয়েও বিভ্রান্তি তৈরি হতে পারে। এ দিন সংক্ষিপ্ত নোট, গুরুত্বপূর্ণ সূত্র, প্রয়োজনীয় তথ্য ও ভুলের খাতা দেখে প্রস্তুতি গুছিয়ে নিন। পাশাপাশি পরীক্ষার প্রবেশপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্দেশনায় অনুমোদিত উপকরণ আগেই প্রস্তুত রাখুন।
৯. দুশ্চিন্তা বাদ দিতে হবে
ভর্তি পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলেও অতিরিক্ত দুশ্চিন্তা প্রস্তুতিতে উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতি তুলনা করা, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কতদূর পড়েছে তা নিয়ে ভাবা কিংবা পরীক্ষার আগে অন্যদের কাছ থেকে পাওয়া অনিশ্চিত তথ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া এড়িয়ে চলুন।
অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে উদ্বিগ্ন হয়ে উত্তর দিতে ভয় পান। এ কারণে তাদের ফল আশানুরূপ হয় না। শিক্ষার্থীদের নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি বলে মনে করেন অনেক চান্স পাওয়া শিক্ষার্থীরা। পরীক্ষার আগে অস্থির লাগলে কিছুক্ষণ বিরতি নিন, স্বাভাবিকভাবে শ্বাস নিন এবং নিজের প্রস্তুতির ওপর মনোযোগ দিন। মনে রাখবেন, পরীক্ষায় সব প্রশ্নের উত্তর জানা সম্ভব নাও হতে পারে। তাই কঠিন প্রশ্ন দেখে ঘাবড়ে না গিয়ে জানা প্রশ্নগুলো সঠিকভাবে সমাধানের চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।
১০, শেষ সময়ে সবচেয়ে জরুরি নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা কঠিন হলেও শেষ মুহূর্তে অস্থির হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। এ সময়ে নিয়মিত পড়া ঝালাই জরুরি। নতুন কিছু আয়ত্ত করার তাড়নায় আগে শেখা বিষয়গুলো যেন দুর্বল হয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। পরিকল্পিত প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নেওয়াই হতে পারে শেষ সময়ের সবচেয়ে কার্যকর কৌশল।