রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে এসব পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইউনিট ‘বি’ (বাণিজ্য) এর পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ইউনিট ‘সি’ (বিজ্ঞান) এর পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ইউনিট ‘এ’ (মানবিক) এর পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ইউনিট ‘বি’র দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তবে তাঁদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।
মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।
জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।
ও লেভেল, এ লেভেল ও ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহীদের আবেদনের সময় অনলাইনে সংশ্লিষ্ট অপশন পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল উত্তর হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।
এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের আরোপিত শর্তও প্রযোজ্য হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ইউনিট ‘এ’ (মানবিক) ও ইউনিট ‘সি’ (বিজ্ঞান)-এর আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা।
অন্যদিকে, ইউনিট ‘বি’ (বাণিজ্য)-এর আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকা।
ইউনিট ‘এ’-এর অধীনে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) রয়েছে।
ইউনিট ‘বি’-এর অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এ ইউনিটের অন্তর্ভুক্ত।
ইউনিট ‘সি’-এর অধীনে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক বিশেষ শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। দুই কানসহ মুখমণ্ডল আবৃত রাখা এবং হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে।

