ভর্তি পরীক্ষার তারিখ ইস্যুতে সন্ধ্যায় ভিসিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইউজিসি

১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ PM
ইউজিসি লোগো

ইউজিসি লোগো © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভিসি) নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিনীতভাবে অনুরোধ জানিয়েছে ইউজিসি।

এর আগে, গত ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করে ইউজিসি। সভায় ২০২৭ সালের ১ জানুয়ারির পর ভর্তি কার্যক্রম শুরু এবং ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি। এসব শিক্ষার্থীর জন্য পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ফল প্রকাশের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আবেদনের তারিখ ঘোষণা করেছে, তারাও এ সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করবে।

তবে ইউজিসির এ অনুরোধের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকে।

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন আদালত।

বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ সন্ধ্যায় ইউজিসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে উপাচার্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। 

‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’— প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
  • ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • ১৮ নভেম্বর ২০২৬
হোমিওপ্যাথি ওষুধকে মাদক আইনের বাইরে রাখার দাবি
  • ১৮ নভেম্বর ২০২৬
জগন্নাথের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তাকে মারধর…
  • ১৮ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ইস্যুতে সন্ধ্যায় ভিসিদের সঙ্গে জরুরি ব…
  • ১৮ নভেম্বর ২০২৬