ঝর্ণা আক্তার © সংগৃহীত
চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর ও গালিগালাজপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসী তাঁকে নিজ বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার হাসানহাটি গ্রামের পূর্বপাড়ার আব্দুল কাদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার টিকটকে একটি ভিডিও তৈরি করে প্রকাশ করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসী তাঁকে নিজ বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ও স্থানীয়রা চেষ্টা করেও তাঁকে আটক করতে পারেননি।
টিকটকে প্রকাশিত ভিডিওতে ঝর্ণা আক্তারকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মামু’ সম্বোধন করে বলতে শোনা যায়, ‘মামু আপনি তো গোপালগঞ্জে সব অফ করে দিছেন মামু, আপনার তো লন্ডনের ভিসা আবার আইসা পড়ছে, গোপালগঞ্জের মানুষ আপনার কাছে কখনো নতো হবেনা।’
ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘গোপালগঞ্জে আপনি আরও ১ বছর কিছু না দিলেও তারা নত হবেনা। গোপালগঞ্জের মানুষ নত হতে শিখেনাই।’
একই ভিডিওতে তিনি বলেন, ‘মামু দেশটারে যদি ঠান্ডা করতে চান তবে, একখানে বসে এখনো আলোচনা করেন, না হলে দেশ ঠান্ডা হবেনা।’ এ ছাড়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন তিনি। ভিডিওর শেষাংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার’ স্লোগান দিয়ে ভিডিওটি শেষ করতে শোনা যায় তাঁকে।
এ বিষয়ে ঝর্ণা আক্তারের স্বামী আব্দুল কাদের বলেন, ‘আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের গালিগালাজ করা তার মোটেও উচিত হয়নি।’
সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, ‘ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালিগালাজ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী তাঁকে নিজ ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান। এ কারণে তাঁকে আটক করা সম্ভব হয়নি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝর্ণা আক্তারের পিতার নাম আব্দুল হক। তাঁর পৈতৃক বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় স্বামীর সাথে বসবাস করেন।