কায়রোর রিং রোডে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড। © এপি
মিশরের রাজধানী কায়রোকে ঘিরে থাকা একটি প্রধান মহাসড়কে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) কায়রোর রিং রোডে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ২১ জন আহত হয়েছেন এবং দুই ডজনেরও বেশি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ কথা জানানো হয়েছে। খবর সিবিএস নিউজের।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর কায়রোর গিজা প্রদেশের জনবহুল এলাকা ওয়ারাকের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা জ্বলন্ত গাড়িগুলোর ভেতর থেকে মানুষজনকে বের করে আনার কাজ শুরু করেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিও ফুটেজে ফায়ার সার্ভিসের কর্মীদের গাড়িগুলোতে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দেখা গেছে। এ সময় কায়রোর উপকণ্ঠ ইমবাবার ওয়ারাক জেলার দুর্ঘটনাস্থলের আশপাশে শত শত মানুষ ভিড় জমান।
দুর্ঘটনার পর সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যানজটে আটকে পড়া প্রত্যক্ষদর্শী আহমেদ সামির জানান, তিনি তেলবাহী ট্রাকসহ অনেক গাড়িতে আগুন জ্বলতে দেখেছেন। পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে অন্তত আটটি মরদেহ বের করে আনতে দেখেছেন বলে জানান তিনি।
আতঙ্ক ও বিশৃঙ্খলার বর্ণনা দিয়ে এপিকে আহমেদ সামির বলেন, “আগুনটি ছিল অত্যন্ত ভয়াবহ; আগুনের কারণে গাড়িগুলো একটির সঙ্গে আরেকটি আটকে গিয়েছিল। এটি ছিল এক মর্মান্তিক ও স্তব্ধ করে দেওয়ার মতো দৃশ্য।”
এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাতাহ এল-সিসি। এদিকে, পাবলিক প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চলছে।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গফফার জানিয়েছেন, আহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং তিনি নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। নিহতের এই সংখ্যা প্রাথমিক উল্লেখ করে তিনি প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে ২৫ জন আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা সংশোধন করে ২১ জন জানানো হয়।
উল্লেখ্য, পরিবহন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে মিশরে প্রতি বছর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অতিরিক্ত গতি, বেহাল সড়ক এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের অভাবকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়। এর আগে গত জানুয়ারিতেও দেশটির দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশের কাছে এক সড়কে একাধিক গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছিলেন।
সূত্র: এপি ও সিবিএস নিউজ