বিবিসি বাংলার প্রতিবেদন

ইউরোপীয় নয়, সমাবর্তনে দেশীয় পোশাক ব্যবহারের নির্দেশনা

২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ PM
২০২৪ সালে আইআইটি বোম্বের সমাবর্তন অনুষ্ঠানের ছবি

২০২৪ সালে আইআইটি বোম্বের সমাবর্তন অনুষ্ঠানের ছবি © সংগৃহীত

সমাবর্তন অনুষ্ঠানে কালো গাউন, হুড ও চৌকো টুপির পরিবর্তে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের ওপর জোর দিচ্ছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পর অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ পরিবর্তন এসেছে। তবে প্রাচীন ভারতে সমাবর্তন অনুষ্ঠানের রীতি ও পোশাক কেমন ছিল, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর সমাবর্তন অনুষ্ঠানে দেশীয় পোশাক ও উত্তরীয় ব্যবহারের বিষয়ে পরামর্শ দিয়েছে। এ নিয়ে রাজ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জী এর পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ‘ইতিমধ্যেই দেশের বহু বিশ্ববিদ্যালয় ও কলেজ দেশীয় পোশাক এবং উত্তরীয় ব্যবহার করা শুরু করেছে। ভারতের প্রাচীন প্রথা অনুযায়ী উপাধি প্রদানের সময়ে উত্তরীয় দিয়েই সম্মান জানানো হতো।’

ইউজিসির বিজ্ঞপ্তিতেও হস্তচালিত তাঁতের কাপড় ব্যবহারের কথা বলা হয়েছে। সংস্থাটির যুক্তি, এর মাধ্যমে ভারতীয় হিসেবে গর্ববোধ জাগ্রত হবে। বিজ্ঞপ্তি জারির পরও দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে দেশীয় পোশাক চালু না হওয়ায় আবারও নির্দেশনা দেওয়া হয়। সেখানেও ভারতের আবহাওয়া ও নিজস্ব ঐতিহ্যের প্রতি গর্বের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

প্রাচীন ভারতে সমাবর্তনের রীতি
লেখক ও পুরাণ বিশারদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বিবিসি বাংলাকে বলেন, সমাবর্তন শব্দটির সঙ্গে বৈদিক ও ব্রাহ্মণ্য ব্যবস্থার শুরুর দিকের যোগ রয়েছে। তখন শিক্ষার জন্য শিক্ষার্থীদের গুরুকুলে পাঠানো হতো। সেখানে ১২ বছর বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ২৪ বছর অধ্যয়নের পর শিক্ষার্থীরা বাড়ি ফিরে আসতেন। গুরুকুল থেকে বেরিয়ে আসার সময় যে অনুষ্ঠান হতো, সেটিই ছিল সমাবর্তন।

তিনি বলেন, অধ্যয়ন শেষ করার পর শিক্ষার্থী প্রথমে স্নান করতেন, যাকে বলা হতো অবভৃত স্নান। এরপর তিনি স্নাতক হতেন এবং সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতেন। সমাবর্তন শব্দের অর্থ হলো, যে শিক্ষার্থী বাড়ি থেকে গুরুকুলে গিয়েছিলেন, সেখান থেকে পূর্ণ জ্ঞান অর্জন করে ফিরে আসা। অনুষ্ঠানটি গুরুকুলেই অনুষ্ঠিত হতো এবং এটি ছিল পবিত্র একটি আয়োজন।

সে সময়ের পোশাক সম্পর্কে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বলেন, ‘বস্ত্র, উত্তরীয় তো থাকতই আর কুশের ব্যবহার হতো।’

ঐতিহাসিক রাধা কুমুদ মুখার্জী তার ‘এনসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন: ব্রাহ্মিনিকাল অ্যান্ড বুদ্ধিস্ট’ বইয়ে প্রাচীন ভারতের সমাবর্তন অনুষ্ঠানের বিভিন্ন আচার-অনুষ্ঠানের বিবরণ দিয়েছেন।

তার বর্ণনা অনুযায়ী, শিক্ষাজীবনের কঠোর বিধিনিষেধ থেকে মুক্তি দিতে সমাবর্তনে বেশ কিছু আচার পালন করা হতো। অনুষ্ঠানের দিন সকালে ব্রহ্মচারীকে একটি ঘরে রাখা হতো। দুপুরে ঘর থেকে বের হওয়ার পর তিনি মাথা ও দাড়ি কামিয়ে ছাত্রজীবনের বাহ্যিক চিহ্ন মুছে ফেলতেন। এরপর সুগন্ধি গুঁড়ো, আতর ও চন্দন ব্যবহার করে স্নান করতেন।

স্নানের সময় ব্রহ্মচর্য জীবনের প্রতীক হিসেবে ব্যবহৃত উত্তরীয়, নিম্নাঙ্গের বস্ত্র, মেখলা বা কোমরবন্ধ, দণ্ড ও হরিণের চামড়া জলে বিসর্জন দেওয়া হতো। স্নানের পর শিক্ষার্থী নতুন পোশাক, দুই কানে কুণ্ডল এবং সোনার আবরণযুক্ত ছিদ্রবিশিষ্ট চন্দনকাঠের অলংকার পরতেন। এভাবেই তিনি স্নাতক হিসেবে নতুন জীবন শুরু করতেন।

ইউরোপ থেকে ভারতীয় শিক্ষাঙ্গনে গাউন-টুপি

সমাবর্তনে গাউন, হুড ও চৌকো টুপি পরার প্রচলন শুরু হয় মধ্যযুগীয় ইউরোপে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক, শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদদের পোশাকে লম্বা গাউন ব্যবহৃত হতো। সে সময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গাউন শীত থেকে সুরক্ষার পাশাপাশি শিক্ষাবিদদের স্বতন্ত্র পরিচয়ের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো।

পরবর্তী সময়ে গাউনের সঙ্গে যুক্ত হয় হুড। শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি ও প্রতিষ্ঠানের পরিচয় বোঝাতে হুডের রং ও নকশা ব্যবহার শুরু হয়। অন্যদিকে, চৌকো আকৃতির মর্টারবোর্ড টুপিও ধীরে ধীরে অ্যাকাডেমিক পোশাকের অংশ হয়ে ওঠে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার সঙ্গে এ পোশাকের প্রচলন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে। কলকাতা, মাদ্রাজ ও বোম্বের মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও গাউন, হুড ও টুপি জায়গা করে নেয়। সময়ের সঙ্গে এগুলো ডিগ্রি ও শিক্ষাগত মর্যাদার প্রতীক হয়ে ওঠে।

ভারতীয় পোশাকে ফিরছে বিশ্ববিদ্যালয়গুলো

২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকে আইআইটিসহ একাধিক বিশ্ববিদ্যালয় সমাবর্তনে কালো গাউন ও মর্টারবোর্ডের পরিবর্তে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক চালু করে। এর পেছনে ২০১৫ সালে ইউজিসির জারি করা একটি নির্দেশিকাও ভূমিকা রাখে। বিভিন্ন সময়ে বিজেপি নেতারাও সমাবর্তনের গাউন, হুড ও টুপির সঙ্গে ঔপনিবেশিক ঐতিহ্যের যোগসূত্র তুলে ধরেছেন।

২০২৪ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সমীক্ষায় এ পরিবর্তনের চিত্র উঠে আসে। আইআইটি, আইআইএম ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টি ইতিমধ্যে প্রচলিত গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোশাক ব্যবহার শুরু করেছে। এর মধ্যে ৬২টি প্রতিষ্ঠান ২০১৫ সালে ইউজিসির পরামর্শের পর পোশাক পরিবর্তন করে।

উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কালো গাউনের পরিবর্তে পুরুষদের জন্য সাদা কুর্তা-পাজামা এবং নারীদের জন্য শাড়ি চালু করা হয়েছে। এর সঙ্গে রয়েছে উত্তরীয়। মহারাষ্ট্রের আইআইটি বোম্বে ২০১৬ সালে সমাবর্তনের পোশাকে খদ্দরের উত্তরীয় যুক্ত করে। ওয়ার্ধার মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়েও দেশীয় পোশাকের প্রচলন রয়েছে।

এ ছাড়া রাজস্থান ও গুজরাটের আইআইটি, আসামের আইআইটি গুয়াহাটি ও তেজপুর বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনে ভারতীয় পোশাক ব্যবহৃত হচ্ছে। হিমাচল প্রদেশের আইআইটি মাণ্ডিতে হিমাচলি শাল ও টুপির সঙ্গে ভারতীয় পোশাক পরার রীতি চালু রয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তির পরও পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবর্তনে গাউন ও ক্যাপ পরার রীতি অব্যাহত ছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের পরামর্শ প্রকাশের পর এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

শিক্ষাবিদ পবিত্র সরকার গণমাধ্যমকে বলেন, ‘সারা পৃথিবীতে সমাবর্তন এবং সেখানে গাউন ও হুড পরার রীতি চলে আসছে। কেন ২০১৫ সালে বিজ্ঞপ্তি হয়েছিল আমি জানি না।’

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরামর্শের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, দেশের শিক্ষার বিস্তার, উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পাওয়া উচিত।

তিনি বলেন, ‘লেখাপড়া হওয়াটা আসল। আমাদের দেশে শিক্ষার বিস্তার তো সেভাবে হয়নি, আমাদের দেশে এখনো নিরক্ষর মানুষ আছেন। তারপর উচ্চশিক্ষার বিস্তার আরো কম। উচ্চশিক্ষা হওয়া যতটা জরুরি, সেখানে এগুলো (সমাবর্তনের পোশাক বিধিতে বদল) জরুরি বলে আমি মনে করি না। কলেজগুলোতে নানা বিষয়ে পড়ানো হোক। কলাবিভাগ, বিজ্ঞান, বাণিজ্য, বিপণন, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিভাগে পড়ানো হোক। কলেজে পড়ার সুযোগও বাড়ুক।’

পবিত্র সরকার আরও বলেন, ‘সেই সঙ্গে সঙ্গে চাকরির সুযোগ বাড়ুক। কলেজে অনেক অধ্যাপক আসুক। এইসব নিয়ে মাথা ঘামানোটা জরুরি। সেখানে পোশাক নিয়ে মাথা ঘামানোটা, আমার মনে হয়, বড় বড় সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা।’

ইউরোপীয় নয়, সমাবর্তনে দেশীয় পোশাক ব্যবহারের নির্দেশনা
  • ২৫ নভেম্বর ২০২৬
ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়া…
  • ২৫ নভেম্বর ২০২৬
আবেগি পোস্ট হুম্মাম কাদের চৌধুরীর
  • ২৫ নভেম্বর ২০২৬
বর্তমান শিক্ষাব্যবস্থা রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি উ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কাল সারাদেশে বিক্ষোভ, গোপালগঞ্জের কর্মসূচি নিয়ে যা বলল জেলা…
  • ২৫ নভেম্বর ২০২৬
এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের এসএকিউএস স্বীকৃত…
  • ২৫ নভেম্বর ২০২৬