যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ PM
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কোম্পানির পক্ষ থেকে একটি এবং নিজের মালিকানা থেকে আরেকটি শেয়ার দেবেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দেন মাস্ক। বর্তমান শেয়ারদর অনুযায়ী, এ উপহারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, প্রতিটি শিশু স্পেসএক্সের কাছ থেকে একটি এবং তার ব্যক্তিগত মালিকানা থেকে আরও একটি শেয়ার পাবে। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় এসব শেয়ার বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে বুধবার স্পেসএক্স জানায়, বর্তমানে সক্রিয় প্রতিটি ট্রাম্প অ্যাকাউন্টে কোম্পানির নতুন ইস্যু করা 'ক্লাস এ' কমন স্টকের একটি করে শেয়ার দেওয়া হবে। কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন মাস্কও।

১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশীদারত্ব দেওয়া এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তার উদ্দেশ্যে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। গত অক্টোবরে হোয়াইট হাউস জানায়, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দর ছিল ১২৭.৪৪ ডলার। সেই হিসাবে মাস্কের প্রতিশ্রুতির আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।

মাস্কের দেওয়া শেয়ারগুলো ট্রাম্প অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে কি না, কিংবা শেয়ার বিক্রির ওপর নির্দিষ্ট সময়ের কোনো নিষেধাজ্ঞা থাকবে কি না, তা জানতে চেয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স।

ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের গ্লোবাল মার্কেটস উপদেষ্টা ক্রিস্টোফার ব্রাঙ্কিন বলেন, 'এর ফলে দীর্ঘ মেয়াদে বিপুলসংখ্যক সাধারণ বিনিয়োগকারী শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হবেন। এতে শেয়ারবাজারে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং নতুন প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর জন্য বিপুলসংখ্যক আর্থিকভাবে সচেতন গ্রাহক তৈরি হবে।'

প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক মাস্ক গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের নিজের মালিকানাধীন একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত জুন পর্যন্ত কোম্পানিটিতে তার মালিকানায় ছিল প্রায় ৬.৪২ বিলিয়ন শেয়ার।

সে সময় এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন, 'আগামী বছর আমি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের আমার মালিকানাধীন একটি করে শেয়ার দেব। এটি হবে অনেক উদ্যোগের প্রথমটি।'

তিনি আরও বলেন, 'ভবিষ্যৎ অর্থনীতির অংশীদারত্ব হিসেবে সরাসরি মানুষের হাতে শেয়ার তুলে দেওয়াই সঠিক পথ।'

গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামী ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে তাদের মালিকানাধীন স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

৪০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামির হয়ে লড়া আইনজীবী এবার হাসিনার ভা…
  • ২৬ নভেম্বর ২০২৬
৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে …
  • ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তার তা…
  • ২৬ নভেম্বর ২০২৬
‘খামারি-উদ্যোক্তাদের হাত ধরেই সমৃদ্ধ হবে চাঁদপুরের প্রাণিসম…
  • ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দ…
  • ২৬ নভেম্বর ২০২৬
চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট
  • ২৬ নভেম্বর ২০২৬