সাইফুল ইসলাম শামীম (২৫) © টিডিসি সম্পাদিত
চার বছরের প্রেমের সম্পর্কের অবনতি এবং প্রেমিকার অন্যত্র বিয়ের প্রস্তুতির খবর সহ্য করতে না পেরে মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামের এক প্রবাসী যুবক। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে শামীমের কাছ থেকে নিয়মিত নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন তাঁর প্রেমিকা। মৃত্যুর আগে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
গত ৫ নভেম্বর রাত ১১টার দিকে মালয়েশিয়ায় কর্মস্থলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার। মৃত্যুর ৯ দিন পর আজ শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে শামীমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নিহত সাইফুল ইসলাম শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নুর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের বাসিন্দা সৈনিক (সার্জেন্ট) হাবিবুর রহমানের মেয়ে নওশীনের সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে শামীমের কাছ থেকে নিয়মিত নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিতেন নওশীন বলে অভিযোগ পরিবারের। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শামীমের হাতে আংটিও পরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি স্বজনদের।
তবে কিছুদিন ধরে নওশীন অন্য এক যুবককে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর জানতে পারেন শামীম। বিষয়টি নিয়ে নওশীনের কাছে জানতে চাইলে তাঁর পরিবারের সদস্যরা শামীমকে পছন্দ করেন না বলে জানান নওশীন। এ নিয়ে শামীম মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি পরিবারের। একপর্যায়ে নওশীনের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শামীমের দুলাভাই আসাদুজ্জামান বলেন, শামীম খুবই সাদাসিধে স্বভাবের ছেলে ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সম্পর্কের এমন পরিণতি এবং অর্থ হারানোর বিষয়টি সে মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দিয়েছে।
শামীমের ভাগ্নে তুহিন আহমেদ বলেন, মেয়েটি আমার মামার জীবনটা কেড়ে নিয়েছে। মামার ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে পেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।