পরিবার বলছে আত্মহত্যা, ‘জান্নাত এমন মেয়ে নয়’— বলছে সহপাঠীরা

১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ PM
মারা যওয়া ছাত্রী জান্নাতুল মাওয়া জান্নাত

মারা যওয়া ছাত্রী জান্নাতুল মাওয়া জান্নাত © সংগৃহীত ও সম্পাদিত

চুয়াডাঙ্গায় জান্নাতুল মাওয়া জান্নাত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবারের সঙ্গে মনমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে সহপাঠীদের দাবি, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। তাঁদের সন্দেহ, এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড হতে পারে। বিশেষ করে মরদেহের কপালে আঘাতের চিহ্ন থাকা এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করায় ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

জান্নাতুল মাওয়া জান্নাত চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শরিফুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দিবাগতরাত আনুমানিক ৩টার দিকে পরিবারের সঙ্গে মনমালিন্যের জেরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন মাওয়া। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার লিখিত আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর সহপাঠীরা। সহপাঠী আব্দুল জব্বার বলেন, সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে তাঁরা হাসপাতালে গেলে পরিবারের লোকজন তাঁদের মরদেহ দেখতে দেননি। তাঁর দাবি, চুয়াডাঙ্গায় যে পরিবারের সঙ্গে মাওয়া থাকতেন, তাঁরা তাঁর জন্মদাতা বাবা-মা নন; তাঁকে ওই পরিবার দত্তক নিয়েছিল। মৃত্যুর কারণ জানতে মাওয়ার বাবা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না বলে জানান।

আব্দুল জব্বার আরও বলেন, মৃত্যুর আগের দিনও তাঁরা মাওয়ার সঙ্গে কথা বলেছেন। তখন তাঁকে স্বাভাবিক মনে হয়েছে। এক রাতের ব্যবধানে এমন মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেন না। তাঁর ভাষ্য, এক বড় আপুর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, মাওয়ার কপালে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তাঁদের মনে হত্যার সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের বিষয়টিও তাঁদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।

এ বিষয়ে মাওয়ার বান্ধবী এ্যানি বলেন, ‘মাওয়া আমার খুব কাছের বান্ধবী ছিল। মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এ ঘটনায় পরিবারের কারও সম্পৃক্ততা থাকতে পারে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা ওয়াহিদ তানি বলেন, ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় থেকে লিখিত অনুমতি নিয়ে এসেছিলেন। তাঁরাও ময়নাতদন্ত করাতে চাননি।

এদিকে মাওয়ার বাবা শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। চুয়াডাঙ্গায় তাঁদের বাসার ঠিকানায় গিয়েও পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, মেয়ের দাফন সম্পন্ন করতে তাঁরা গ্রামের বাড়ি আলমডাঙ্গায় গেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন করা হলে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পুলিশের কাছে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো অজ্ঞাত। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এ ঘটনায় জান্নাতুল মাওয়ার সহপাঠীরা জেলা প্রশাসন ও কলেজের অধ্যক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ১৬ নভেম্বর ২০২৬
বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরিবার বলছে আত্মহত্যা, ‘জান্নাত এমন মেয়ে নয়’— বলছে সহপাঠীরা
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
এশিয়ার কেউ পারেনি, সেই ইতিহাসই গড়ল বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
নবীনবরণে দাওয়াত না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ছাত্রদলের প্রত…
  • ১৬ নভেম্বর ২০২৬