সাব্বির রহমান © সংগৃহীত
উদীয়মান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের স্কোয়াডে অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানের অন্তর্ভুক্তি শুরু থেকেই আলোচনার জন্ম দিয়েছিল। তরুণদের এই টুর্নামেন্টে তার জায়গা পাওয়া নিয়েও নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবেন, এমন প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩ ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিংয়ের ধরনও হতাশাজনক ছিল। এই টুর্নামেন্টে সাব্বিরের এমন হতশ্রী পারফরম্যান্স আবারও তার সামর্থ্য ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরোয়া ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একটি সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে এসেছিলেন সাব্বির। সেই পারফরম্যান্সের সুবাদেই রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পান তিনি।
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৮ রানের ইনিংস খেললেও পরের দুই ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে করেন মাত্র ৩ রান। আর সর্বশেষ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
এর আগে হংকং সিক্সেস টুর্নামেন্টেও ৪ ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৮, ৩৯, ৭ ও ১৩ রান।
জাতীয় দলে তার পজিশনে জায়গা করে নিতে যেখানে নিজেদের প্রমাণের অপেক্ষায় তরুণ ক্রিকেটাররা, সেখানে সাব্বিরের এমন ধারাবাহিক ব্যর্থতা নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তৈরি করেছে। অভিজ্ঞতার কারণে পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারায় তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ হয়ে আসছে।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘সাব্বিরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, তবে সে ব্যর্থ। ভালো করলে জাতীয় দলে সুযোগ ছিল, কিন্তু সেটা সে হারিয়েছে।’