স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই

২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © টিসিডি ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত 'ট্যুরিজম মাস্টারপ্ল্যান' চূড়ান্ত করে জমা দেওয়া হবে।

তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এই ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ সমগ্র উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে টেকসই পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, পূর্বে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area - ECA) হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে এ বিষয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে এবং এর ভিত্তিতে এলাকাগুলোর পুনরায় সীমানা নির্ধারণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, সমুদ্র তীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট ছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে সবকিছু সমন্বিতভাবে অন্তর্ভুক্ত থাকছে এবং মাস্টারপ্ল্যান অনুমোদিত হওয়ার পর সে অনুযায়ীই সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ (ECA) হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন করে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দ্বীপ দুটিতে পরিবেশের কোনো ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মহেশখালীতে চলমান মেগা প্রকল্পগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব, টার্মিনালসহ বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে, যা দেশের অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম চালিকাশক্তি হবে। উন্নয়ন কাজে যেন কোনো ধরনের দ্বৈততা বা ওভারল্যাপিং না ঘটে, সেজন্য 'মিডা'র সাথে নিবিড় সমন্বয় রেখেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যানটি চূড়ান্ত করা হচ্ছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আকৃষ্ট হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবগণ এবং সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, পালিয়ে গেল…
  • ২৯ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
  • ২৯ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কা…
  • ২৯ নভেম্বর ২০২৬
দেশে এক বছরে এইচআইভিতে ২৮৫ জনের মৃত্যু, আক্রান্ত বেশি তিন শ…
  • ২৯ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ করলেন ৪৬৭ ন…
  • ২৯ নভেম্বর ২০২৬
রাতে নারীদের বিক্ষোভ, ভোরে বল্লম-ককটেল নিয়ে থানায় আ.লীগের হ…
  • ২৯ নভেম্বর ২০২৬