রাতে নারীদের বিক্ষোভ, ভোরে বল্লম-ককটেল নিয়ে থানায় আ.লীগের হামলা

২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ PM
পাবনার বেড়া থানা

পাবনার বেড়া থানা © সংগৃহীত

পাবনার বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে থানার পাশের বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা থানার দিকে ইট-পাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করেন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে হামলা চলে। একপর্যায়ে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাবনা-ঢাকা পথে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে অবস্থান নেন।

পুলিশ জানায়, শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে এসে বিক্ষোভ করেন। গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

পুলিশের ভাষ্য, এর প্রায় ছয় ঘণ্টা পর ভোর ৪টার দিকে শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালান।

আলহামরা পরিবহনের মালিকপক্ষের মোমিতুল চৌধুরী গণমাধ্যমে জানান, হামলায় তাদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে থানায় হামলার কথা জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। পুলিশ আগে থেকেই এ ধরনের হামলার আশঙ্কায় সতর্ক ছিল। হামলার বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়।

গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এর আগে বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ১৯ থেকে ২১ নভেম্বর টানা তিন দিন দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

গত ১৯ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে অবস্থান করেন। এ সময় তারা স্লোগান দেন এবং বন্ধ থাকা থানার গেটে আঘাত করতে থাকেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরের দুই দিন পৌরসভার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ২১ নভেম্বর দুপুরে সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসব ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।

রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
  • ২৯ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কা…
  • ২৯ নভেম্বর ২০২৬
দেশে এক বছরে এইচআইভিতে ২৮৫ জনের মৃত্যু, আক্রান্ত বেশি তিন শ…
  • ২৯ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ করলেন ৪৬৭ ন…
  • ২৯ নভেম্বর ২০২৬
রাতে নারীদের বিক্ষোভ, ভোরে বল্লম-ককটেল নিয়ে থানায় আ.লীগের হ…
  • ২৯ নভেম্বর ২০২৬
এবার শোকজ দেওয়া হলো ১-১০ শতাংশ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানকে, …
  • ২৯ নভেম্বর ২০২৬