আগুন থেকে সৃষ্ট ধোঁয়া © সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে যান্ত্রিক ত্রুটির কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন দেখা দিয়েছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিতে থাকা ৪২০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৪২০ জন যাত্রী নিয়ে জেদ্দাগামী উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ের উদ্দেশে যাওয়ার আগে পাইলট উড়োজাহাজে অস্বাভাবিকতা ও যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে দ্রুত সেটি থামিয়ে দেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনার ব্যবস্থা করা হয়।
বিমানবন্দর সূত্রের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটির একটি চাকা অতিরিক্ত গরম হয়ে যায়। একপর্যায়ে ওই চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং কী কারণে চাকাটি অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া নির্গত হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।