বাংলাদেশ দল © সংগৃহীত
টেস্ট সিরিজে হতাশাজনক হারের পর এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ শিবিরে। এজন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের লড়াইয়ে ভালো শুরুর দিকেই নজর টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
রবিবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে ওয়ানডে সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তাসকিন। তার মতে, টেস্ট সিরিজের ফল প্রত্যাশামতো না হলেও ওয়ানডেতে নতুনভাবে শুরু করতে চায় দল।
তাসকিন বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কীভাবে ভালো খেলে শুরু করা যায়, সেটাই ভাবছি। যদিও সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল, তবে সেটা অনেক দিন আগের কথা। আশা থাকবে কীভাবে সিরিজ জেতা যায়। এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রথম ম্যাচ কীভাবে ভালো শুরু করা যায়।’
দলের প্রস্তুতি ও মানসিক অবস্থা নিয়েও কথা বলেছেন এই পেসার। তার মতে, দলের কয়েকজন ক্রিকেটার দেশে থেকেই সাদা বলের প্রস্তুতি নিয়েছেন।
তাসকিনের ভাষায়, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানকার কন্ডিশন ভিন্ন, সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে, সবাই রিল্যাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া খেলা যায়, সেটাই ভাবছে। বাড়তি চাপ নিলে এক্সিকিউশন ভালো হয়ে যাবে, এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’
সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচকে ঘিরেই আশাবাদী তাসকিন। তার মতে, শুরুটা ভালো হলে পুরো দলের আত্মবিশ্বাসে ইতিবাচক প্রভাব পড়বে।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে ভালো হয়। এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, তবে টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে, কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে।’