জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন

১৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ AM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © টিডিসি ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেওয়ার পরও জিম্বাবুয়েকে ২৭১ রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। এরপর ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। এমন হারের পর ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন পেসার তাসকিন আহমেদ। তার মতে, এই কন্ডিশনে জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য তাড়া করার সামর্থ্য বাংলাদেশের ছিল, কিন্তু ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।

শনিবার আবুধাবিতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’

ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাসকিন নিজেই। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতে একের পর এক উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে একসময় ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করে তারা বাংলাদেশের সামনে ২৭২ রানের লক্ষ্য দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খারাপ করেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান ৪৭ রান যোগ করেন। তানজিদ ৪৬ রান করে দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়ে দলটি।

বাংলাদেশের ইনিংসে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। উদ্বোধনী জুটির ৪৭ রানই শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ রানের জুটি হয়ে থাকে। ৩০ রানের বেশি আরেকটি জুটি হয় নবম উইকেটে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন মিলে মাত্র ২৬ বলে ৩২ রান যোগ করেন। তবে ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ।

তাসকিনের মতে, ব্যাটিংয়ে একটি ভালো জুটি গড়তে পারলেই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। আসলে ব্যাটসম্যানদের (আজ) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’

এ হারের পরও ঘুরে দাঁড়িয়ে ফাইনালে খেলার আশা ছাড়ছেন না তাসকিন। সামনে বাংলাদেশের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে ভালো খেলে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতে চায় দলটি। এ বিষয়ে তাসকিন বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’

তবে বাংলাদেশের ব্যাটিংয়ে চাপের মুখে দ্রুত ভেঙে পড়ার প্রবণতা নতুন নয়। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ঘটনা বারবার ঘটছে। তাসকিনের মতে, ব্যাটসম্যানদের ব্যক্তিগত দক্ষতার অভাব নয়, বরং ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাই বড় সমস্যা।

ব্যাটসম্যানদের সামর্থ্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ঘাটতিটা একটু বেশি। কারণ স্কিল কিন্তু সবার আছে। আপনারা যাঁরা ক্রিকেট খেলা দেখেন, প্রতিটি ব্যাটসম্যানই কিন্তু প্রমাণ করেছে, তারা ভালো ব্যাট করতে পারে। মাঝে মাঝে আমরা দল হিসেবে দেখবেন, চাপে পড়লে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জিনিসটাই আমাদের আসলে বের হয়ে আসতে হবে। বড় দল হতে চাইলে যেকোনোভাবে বের হয়ে আসতে হবে। আমি শিওর, এটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি, কীভাবে দ্রুত ঠিক করা যায়।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। তার বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ শুরুতেই চাপে পড়ে। কিন্তু সেই সাফল্য কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানে অলআউট হয়ে ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয় দলটিকে।

বোলিংয়ে আগের চেয়ে ধারাবাহিকতা বাড়লেও ব্যাটিংয়ে চাপ সামলাতে না পারার পুরোনো দুর্বলতা আবারও সামনে এসেছে। এখন শেষ ম্যাচে এই ব্যর্থতা কাটিয়ে উঠে জয়ের ধারায় ফেরাই বাংলাদেশের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং ও কার্যকর জুটি গড়ার বিকল্প নেই।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬