ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢাবি ছাত্রদল নেতার যোগাযোগে

২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০১:০৭ AM
ছাত্রলীগ নেতা ও ছাত্রদল নেতার ছবি

ছাত্রলীগ নেতা ও ছাত্রদল নেতার ছবি © সংগৃহীত

ঢাকা কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে আটককৃতদের মধ্যে একজনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তাসাররুফ তুহিনের একাধিকবার ফোনে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি উঠেছে। এমনকি আটক ওই শিক্ষার্থীকে তুহিন ককটেল সরবরাহ করেছেন বলেও অভিযোগ করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতা। 

যদিও এ বিষয়ে জানতে ঢাবি ছাত্রদল নেতা তুহিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে, সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে গত ৩ নভেম্বর তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জানা যায়, গতকাল রাতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন— আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)। এদের মধ্যে শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এছাড়া আটক অন্যদের মধ্যে সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেন, আটক শিখনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তাসাররুফ তুহিনের যোগাযোগ ছিল। তার দাবি, তুহিন আটক শিক্ষার্থীকে ককটেল সরবরাহ করেছেন এবং তুহিনের সঙ্গে শিখনের ফোনে একাধিকবার যোগাযোগ হয়েছে। আটকের ২০ মিনিট আগেও তুহিন ফোন করেছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও  বলেন, ‘ছাত্রলীগের ছেলেদের ককটেল সরবরাহ করেছে সে। ওই ককটেল নিয়ে ছাত্রলীগের ছেলেরা এসে কলেজের হলে বিস্ফোরণ ঘটিয়েছে। তুহিন ওই শিক্ষার্থীকে ফোন দিয়েছে। যাদের মাধ্যমে ককটেল পাঠানো হয়েছে, তাদের ফোনেও তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী আটক হওয়ার ২০ মিনিট আগেও তুহিন ফোন দিয়েছিল। আমাদের কারও সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা নেই।’ 

শিহাব বলেন, তুহিনের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছু ভিডিও ও ছবি রয়েছে। আমরা শিখনকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম, ছাত্রদলের তুহিনকে জড়িয়ে অভিযোগ করার পেছনে তার কী প্রমাণ আছে। সে আমাদের ফোনে কল আসার তথ্য ও ছবিগুলো দেখিয়েছে। ধারাবাহিকভাবে ফোন দেওয়ার তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে তারা দুটি ককটেল ঢাকা কলেজে নিয়ে এসেছিল।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তাসাররুফ তুহিনকে গত ৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৫ নভেম্বরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। যদিও এর পরের অগ্রগতি জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এবং অভিযুক্ত ছাত্রদলের আহ্বায়ক সদস্য তাসাররুফ তুহিনকে কল দিলে কেউই রিসিভ করেনি। 

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ গণমাধ্যমকে বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্‌ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে আর কোনো কিছু উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামের এক শিক্ষার্থী রয়েছেন, যাকে আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের এক ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গত রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত দল কাজ করছে।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬