তাসকিন আহমেদ ও নাহিদ রানা © সংগৃহীত
চোটের কারণে সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও থাকছেন না এই পেসার। নাহিদকে ছাড়াই আফগান টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে পেসার তাসকিন আহমেদকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।
এ নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর থেকে নাহিদকে পাওয়া যাবে। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। বিশেষ করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে নাহিদের পেস বোলিংকে কাজে লাগাতে চায় দলটি। বাশারের আশা, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন নাহিদ।
এক ভিডিও বার্তায় বাশার বলেন, “নাহিদ রানা, অবশ্যই তাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। নাহিদ রানাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। সেহেতু তিনি বাদ পড়ে গেছেন টেস্ট ম্যাচ থেকে। ১০ তারিখে তাকে পাওয়া যাবে। আপনারা জানেন আমরা প্রাধান্য দিচ্ছি টেস্টকে, আমাদের পরবর্তী পাঁচটি টেস্ট ম্যাচ।”
নাহিদকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আফগানিস্তান টেস্ট এবং পরবর্তী যে চারটা টেস্ট ম্যাচ আছে, এবং সাথে ইংল্যান্ডের সাথে ঘরের মাটিতে যে টেস্ট ম্যাচ আছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তো এই টেস্ট ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রাধান্য দিচ্ছি যার জন্য নাহিদ রানাকে আসলে আমরা সেরা সম্ভাব্য সুযোগটা দিতে চাই, তিনি যেন সবগুলো ম্যাচ খেলতে পারেন।”
তাসকিন আহমেদকেও একই কারণে আফগানিস্তান টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাশার জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে তাকে পুরোপুরি পাওয়া নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
প্রধান নির্বাচকের ভাষ্যমতে, “তাসকিনকেও আমরা এই টেস্ট ম্যাচটাতে বিশ্রাম দিয়েছি। অবশ্যই তাকেও আমরা আসলে-আমরা যেহেতু প্রাধান্য দিচ্ছি আমাদের যেগুলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট ম্যাচ সেটার দিকে, তো তাকে যেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটাতে পুরোপুরিভাবে পাই, তার জন্য এই টেস্ট ম্যাচটাতে তাকেও রাখা হয়নি।”
এদিকে আফগানিস্তান টেস্টের দলে বড় চমক হিসেবে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে খেলার সময় ৯৪ রানের ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন তিনি। তার পারফরম্যান্সের পর টেস্ট দলে জায়গা পেয়েছেন জাকের। ফলে বাদ পড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান।
তবে অমিতকে ভবিষ্যতের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাশার। তার মতে, সামনে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলোতে অভিজ্ঞ ও প্রমাণিত খেলোয়াড়দের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাশার বলেন, “যেহেতু আমাদের পরবর্তী টেস্ট ম্যাচগুলি আফগানিস্তান, বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট ম্যাচ যেগুলো আছে আপনার-ওয়েস্ট ইন্ডিজ, তারপর দক্ষিণ আফ্রিকা, তারপর ইংল্যান্ড; এগুলোতে আসলে আমাদের একটু অভিজ্ঞতারও খুব প্রয়োজন এবং প্রমাণিত খেলোয়াড়দেরও একটু বেশি প্রয়োজন। অমিত হাসান মাত্র শুরু করেছেন, তার অবশ্যই ভবিষ্যতে সুযোগ আসবে; কিন্তু এই টেস্ট ম্যাচগুলোতে আমরা আসলে একদম আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড়, যারা আগে খেলেছেন, পারফর্ম করেছেন, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছি।”
আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। তবে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আফগানিস্তান। টেস্টের পর অক্টোবরেই জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান, ইকবাল হোসাইন ইমন।