শেখ হাসিনাকে ফেরত ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল ভারত

২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ AM
রণধীর জয়সওয়াল

রণধীর জয়সওয়াল © সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সীমান্তের ওপারে রাজনৈতিক প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র’ সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে দেশটি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়েও নতুন কোনো তথ্য দেয়নি নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তার কোনো মন্তব্য নেই। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও অস্থিরতার পেছনে নয়াদিল্লিতে অবস্থান করা ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলেও সম্প্রতি মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ মুহূর্তে তার কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ নেই। এ বিষয়ে আগে ভারতের পক্ষ থেকে যে অবস্থান জানানো হয়েছে, সেটিই বহাল রয়েছে। এর আগে বিভিন্ন সংবাদ সম্মেলনে ভারত জানিয়েছিল, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হবে।

অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তি নবায়ন এবং এ বিষয়ে দুই দেশের আলোচনার অগ্রগতি জানতে চাইলে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন আন্তসীমান্ত নদী ও পানিসম্পদসংক্রান্ত বিষয় আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কাঠামো।

তিনি বলেন, নিজেদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় প্রতিনিধিদলের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠকটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য, নাকি কেবল কারিগরি পর্যায়ের—এমন প্রশ্নেরও স্পষ্ট উত্তর দেননি জয়সওয়াল। তিনি জানান, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তার কাছে আপাতত নতুন কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

গঙ্গার পানি বণ্টন চুক্তি সাময়িকভাবে নবায়ন করা হবে, নাকি নতুন করে পূর্ণাঙ্গ চুক্তি করা হবে, সে বিষয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেননি মুখপাত্র। চুক্তিটি দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত হওয়ায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকের মাধ্যমে নবায়ন সম্ভব কি না, কিংবা এ জন্য শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ প্রয়োজন হবে কি না, সে প্রশ্নেরও সরাসরি জবাব মেলেনি।

এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে তিনি এরই মধ্যে কথা বলেছেন। গত তিন-চারটি সংবাদ সম্মেলনেও এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। আপাতত নতুন করে যোগ করার মতো কিছু নেই।

ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এর নবায়নপ্রক্রিয়া, আলোচনার সময়সূচি কিংবা দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সম্ভাব্য ভূমিকা নিয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো রূপরেখা পাওয়া যায়নি।

১২ মাসের মধ্যে সোনার দামে রেকর্ড পতন, আজ ভরি বিক্রি হচ্ছে …
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
  • ২১ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরত ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় য…
  • ২১ নভেম্বর ২০২৬
হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি
  • ২১ নভেম্বর ২০২৬
১২ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অফিসের
  • ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage