সশস্ত্র বাহিনী দিবস © সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় আজ শনিবার (২১ নভেম্বর) উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি ঘিরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সেনাকুঞ্জে বিশেষ আয়োজন এবং সর্বসাধারণের জন্য নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত রাখাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
দিনের শুরুতে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিন তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দিবসের অন্যতম আয়োজন হিসেবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া আজ বিকেল ৬টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকেরা অংশ নেবেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
ঢাকার বাইরেও দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস বা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সাধারণ মানুষের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নিকটস্থ ঘাটে নোঙর করা থাকবে। এ সময় সর্বসাধারণের জন্য জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ থাকবে।
এ ছাড়া বাংলাদেশ বেতার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও অনুষ্ঠানটি পর্যায়ক্রমে প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষে শনিবারের বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।