বিসিবি লোগো © সংগৃহীত
সাধারণত এপ্রিল-মে মাসে মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তবে বিসিবির তৎকালীন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে গেল আসরে দীর্ঘদিন সব ধরনের লিগ বয়কট করেছিল ক্লাবগুলো। ফলে স্বাভাবিকভাবেই পিছিয়ে যায় প্রিমিয়ার লিগ আয়োজন। শেষ পর্যন্ত এক লেগে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করা হয়।
তবে আগামী আসর থেকে নির্দিষ্ট সময়ে ডিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিশের (সিসিডিএম)।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শুরু হবে ডিপিএলের নতুন মৌসুম। টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা রয়েছে ৭ এপ্রিল। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
গেল আসরের মতো এবারও ডিপিএলে খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থা করবে বিসিবি। এবারের টুর্নামেন্ট মোট পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এদিকে ক্লাবগুলোর অংশগ্রহণ ফিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডিপিএলে অংশ নিতে প্রতিটি ক্লাবকে ১৫ লাখ টাকা করে দিত বিসিবি। আগামী আসর থেকে সেই অর্থের পরিমাণ ১০ লাখ টাকা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হবে।