মুশফিকুর রহিম © সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। শৈশবের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে ক্রিকেটে কাটানো ২২ বছরের পথচলার কথা স্মরণ করে নিজের সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে।
আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।
জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।
আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
মুশফিকের এই ঘোষণায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দীর্ঘ পথচলার ইতি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব হিসেবে উল্লেখ করেছেন।