মোহাম্মদপুর থানা © সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। রাফসান ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই ঘটনায় একটি মামলা দায়েরের পর আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।’
ভুক্তভোগী ও মামলার বাদী রাব্বি আল রাফসান জানান, শুক্রবার তার স্নাতকোত্তরের ক্লাস ছিল। দুপুর পৌনে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার রিকশার গতিরোধ করে। ওই রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়।
তিনি বলেন, ‘এই সময়ে জোরাজুরি করায় চাপাতির উল্টোপাশ দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। এতে ডান হাতে আঘাত পেয়েছি। পরে চিকিৎসা নিয়ে এখন বাসায় আছি।’
রাফসান আরও জানান, তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী। বিষয়টি প্রতিমন্ত্রীও অবগত রয়েছেন। ইতোমধ্যে তিনি থানায় যোগাযোগ করেছেন। পুলিশ ছিনতাইয়ে জড়িতদের শনাক্তে কাজ করছে।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা চাপে রয়েছেন। এ ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকে থানায় ফোন করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।