জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল ধরা পড়েছে। এ ঘটনায় ক্যালেন্ডারটির উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিতরণ করা ক্যালেন্ডারগুলো ফেরত নেওয়া এবং ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
আজ রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। ক্যালেন্ডারটি গতকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়েছিল।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে। যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত কর্মকর্তাদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের একটি প্রকাশনার ক্ষেত্রে প্রস্তুত, সম্পাদনা, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাশিত ছিল। দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। তদন্তে আরও কেউ দায়ী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধেও দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো শিথিলতা বা নমনীয়তা প্রদর্শনের অবকাশ নেই।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।