গোপালগঞ্জে আ. লীগের লকডাউনে বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থীরা

২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা © টিডিসি সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষা স্থগিত করা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে গোপালগঞ্জে সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ থাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে গণপরিবহনসহ অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থীরা বেশি বিপাকে পড়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে সড়কে গাছ ফেলে অবরোধ করতে দেখা যায়। এতে ওই সড়কে অভ্যন্তরীণ যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় কেউ কেউ মোটরসাইকেল নিয়ে বিকল্প ও ভেতরের সড়ক ব্যবহার করে নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন। আবার অনেকে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় আসা কয়েকজন শিক্ষার্থীও সকালে পৌঁছেছেন বলে দেখা গেছে।

এ বিষয়ে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানান, সড়কে গাছ ফেলে অবরোধ ও মিছিলের কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে কেউ বিকল্প সড়ক ব্যবহার করছেন, আবার কেউ হেঁটে কেন্দ্রে পৌঁছাচ্ছেন। এমন পরিস্থিতিতে গোপালগঞ্জের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা প্রয়োজন ছিল বলে মনে করেন তারা।

এদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে অবরোধ, আগুন জ্বালানো ও যান চলাচল বন্ধের চিত্র দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি।

লকডাউন কর্মসূচির কারণে একদিকে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইদ মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছুটা সংকট আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন নির্দেশনা না থাকায় আমরা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাবো। আশা করছি কোন ঝামেলা হবে না। 

দূরবর্তী শিক্ষার্থীরা আসতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ পরিস্থিতিতে আমাদের হাতে কিছুই করার নেই। কারণ আমরা ইউএনও এবং ডিসিকে জানিয়েছি। 

যদিও এ বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। 

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হওয়ার কারণ জানালেন রাশ…
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, অন্য জ…
  • ২৯ নভেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেলসহ ৭ মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু আজ,…
  • ২৯ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আ. লীগের লকডাউনে বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন…
  • ২৯ নভেম্বর ২০২৬
রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এরপর ‘মাথায় প…
  • ২৯ নভেম্বর ২০২৬